ভাদোদরায় ইন্ডিগো ফ্লাইটে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে আধঘণ্টা আটকে যাত্রীরা
ইন্ডিগো ফ্লাইটে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে আধঘণ্টা যাত্রীরা

উড্ডয়নের ঠিক আগমুহূর্তে হঠাৎ করেই বন্ধ হয়ে গেলো বিমানের সব আলো। সেই সঙ্গে বন্ধ হয়ে গেলো শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রও। মুহূর্তের মধ্যে ঘুটঘুটে অন্ধকার আর তীব্র গরমে নরককুণ্ডে পরিণত হলো বিমানের ভেতরের পরিবেশ। এমন দমবন্ধ করা পরিস্থিতিতে প্রায় আধা ঘণ্টা বিমানের ভেতরেই আটকে রইলেন যাত্রীরা। ভারতের ভাদোদরা থেকে দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে এই চরম ভোগান্তি ও আতঙ্কের সৃষ্টি হয়।

ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ঘুটঘুটে অন্ধকার কেবিনের ভেতরে গরমে ছটফট করছেন যাত্রীরা। উদ্ভূত পরিস্থিতিতে একটু বাতাসের আশায় অনেকে হাতের কাছে থাকা ফাইল, সংবাদপত্র ও অন্যান্য জিনিসপত্র দিয়ে নিজেদের বাতাস করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

গ্রাউন্ড পাওয়ার ইউনিট বিকল

বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্ডিগোর ৬ই৬৫৭ নম্বর ফ্লাইটটি ভাদোদরা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু বিমানটি যখন রানওয়েতে স্থির অবস্থায় দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই হঠাৎ এর গ্রাউন্ড পাওয়ার ইউনিট বিকল হয়ে পড়ে। এই কারিগরি ত্রুটির কারণেই বিমানের ভেতরের বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাধারণত বিমানের ইঞ্জিন যখন বন্ধ থাকে, তখন আলো ও এসির মতো জরুরি ব্যবস্থাগুলো সচল রাখতে বাইরে থেকে এই গ্রাউন্ড পাওয়ার ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। জিপিইউ বিকল হয়ে যাওয়ায় রাত ৮টা ৪০ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় ৩০ মিনিট পুরো বিমানটি অন্ধকার ও প্রচণ্ড গরমে স্থবির হয়ে থাকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যাত্রীদের আতঙ্ক

হঠাৎ এই বিদ্যুৎ-বিপর্যয়ের কারণে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পরপরই দ্রুত টেকনিশিয়ানদের দল নিয়োজিত করা হয়। তারা বেশ কিছু সময় মেরামতের কাজ করার পর অবশেষে বিমানের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সক্ষম হন।

ফ্লাইট সময়সূচিতে বিপর্যয়

এই যান্ত্রিক গোলযোগের কারণে ফ্লাইটটির সময়সূচিতে বড় বিপর্যয় ঘটে। বিমানটি নির্ধারিত সময় রাত ৮টা ৪০ মিনিটে ভাদোদরা ছেড়ে যাওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত তা রাত ১০টার দিকে দিল্লির উদ্দেশে রওনা হয়।