চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি বাংলাদেশের বাজারে তিনটি নতুন শক্তিশালী ব্যাটারির পাওয়ারব্যাংক, একটি ওয়্যারলেস হেডফোন এবং একটি সাউন্ডবার এনেছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।
নতুন পাওয়ারব্যাংক মডেল ও দাম
‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ারব্যাংক ২০০০০’, ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ারব্যাংক ১০০০০’ ও ‘শাওমি ৩৩ ওয়াট পাওয়ারব্যাংক ২০০০০ মিলিঅ্যাম্পিয়ার’ মডেলের পাওয়ার ব্যাংকগুলো কাজে লাগিয়ে স্মার্টফোন, ইয়ারবাডস, ট্যাবলেট কম্পিউটার ও ল্যাপটপ দ্রুত চার্জ করা যায়। পাওয়ারব্যাংকগুলোর দাম যথাক্রমে ৪ হাজার ৯৯৯ টাকা, ৪ হাজার ২৯৯ টাকা ও ২ হাজার ৫৯৯ টাকা।
রেডমি হেডফোনস নিও
‘রেডমি হেডফোনস নিও’ মডেলের ওয়্যারলেস হেডফোনটিতে ৪২ ডেসিবেল অ্যাডাপটিভ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, ট্রিপল-মাইক এআই নয়েজ রিডাকশন সিস্টেম এবং ৪০ মিলিমিটার টাইটানিয়াম-প্লেটেড ডায়নামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে। একবার চার্জে টানা ৭২ ঘণ্টা ব্যবহারের পাশাপাশি কম সময়ে দ্রুত চার্জ করা যায় হেডফোনটি। ডুয়েল ডিভাইস স্মার্ট কানেক্টিভিটি প্রযুক্তি–সমর্থিত হেডফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা।
শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল
টেলিভিশনের সঙ্গে ব্যবহার উপযোগী ‘শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল’ মডেলের সাউন্ডবক্সটিতে রিচ ২.০ চ্যানেল স্টেরিও অডিও প্রযুক্তি রয়েছে, ফলে সিনেমা, গেম খেলা ও গান শোনার সময় নিখুঁত শব্দ শোনা যায়। ব্লুটুথ ওয়্যারলেস স্ট্রিমিংয়ের পাশাপাশি, অপটিক্যাল ও এইউএক্স ইনপুট সাপোর্ট–সমৃদ্ধ সাউন্ডবারটির দাম ৮ হাজার ৯৯৯ টাকা।
শাওমি বাংলাদেশের প্রতিশ্রুতি
নতুন প্রযুক্তিপণ্য বাজারে আনার বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘দেশের বাজারে নতুন পাঁচটি পণ্য নিয়ে আসা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের চলমান প্রতিশ্রুতিরই একটি অংশ। হাই–স্পিড চার্জিং–সুবিধা ও প্রিমিয়াম অডিও অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে আমরা প্রতিনিয়ত প্রযুক্তিপ্রেমীদের চাহিদা পূরণ করছি।’



