মেটা তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে, যার দাম শুরু হচ্ছে সর্বনিম্ন ২৯৯ ডলার থেকে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা এই চশমা তৈরি করেছে বিখ্যাত চশমা নির্মাতা প্রতিষ্ঠান এসিলরলাক্সোটিকার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে। তবে আগের সংস্করণের মতো এই চশমাগুলোতে রে-ব্যান বা ওকলের মতো কোনো ব্র্যান্ডিং বা নাম থাকবে না।
মেটার নতুন স্মার্ট চশমার বৈশিষ্ট্য ও দাম
নতুন স্মার্ট চশমাগুলোর দাম ২৯৯ ডলার থেকে শুরু হওয়ায় এটি মেটার রে-ব্যান স্মার্ট চশমার তুলনায় সস্তা, যার দাম শুরু হয় ৩৭৯ ডলার থেকে। মেটার তথ্যমতে, এই এআই স্মার্ট চশমার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই আশপাশের ছবি তুলতে ও ভিডিও করতে পারবেন, পাশাপাশি গান শোনা ও ফোনে কথা বলা যাবে। চশমাগুলোতে থাকা সমন্বিত এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে বিভিন্ন তথ্য জানা এবং এক ভাষার বার্তা অন্য ভাষায় সরাসরি অনুবাদ করে শোনা যাবে।
বাজারে মেটার বর্তমান স্মার্ট চশমা
মেটা বর্তমানে ওকল ব্র্যান্ডের দুটি স্মার্ট চশমা বিক্রি করে, যেগুলোর দাম শুরু হয়েছে ৩৯৯ ডলার থেকে। তাদের সবচেয়ে উন্নত প্রযুক্তির মেটা রে-ব্যান ডিসপ্লে চশমার দাম প্রায় ৮০০ ডলার। নতুন এআই স্মার্ট চশমা উন্মোচনের বিষয়ে মেটার পরিধানযোগ্য প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হিমেল বলেন, 'আমাদের মনে হয়েছে যে অপেক্ষাকৃত কম দামে আমাদের এক জোড়া চশমা বাজারে থাকা প্রয়োজন। আমরা বোঝার চেষ্টা করছিলাম যে সেই বাজেটের মধ্যে কোন জিনিসটি ভালো কাজ করতে পারে।'
ভাষা অনুবাদ ও ভ্রমণে সহায়তা
মেটার নিজস্ব এআই মডেলের মাধ্যমে চশমাটি ১৪টি ভাষায় লাইভ অনুবাদ বা সরাসরি অনুবাদ প্রক্রিয়া সমর্থন করবে। ফলে বিদেশে ভ্রমণের সময় ব্যবহারকারীরা স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি আশপাশের পরিবেশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারবেন।
স্মার্ট চশমার বাজারে প্রতিযোগিতা
স্মার্ট চশমার বাজারে বর্তমানে মেটার একচ্ছত্র আধিপত্য রয়েছে। তবে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও দ্রুত মেটাকে ধরার চেষ্টা করছে। চলতি মাসের শুরুর দিকে স্ন্যাপচ্যাটের নির্মাতা প্রতিষ্ঠান স্ন্যাপ তাদের নতুন প্রজন্মের স্মার্ট চশমা স্পেকস বাজারে আনার ঘোষণা দিয়েছে।



