মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই
মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে এমজিআই'র ফ্রেশ সুপার মার্ট চালু

নগরজীবনের দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ ও দ্রুত করতে রিটেইল ব্যবসার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটি আজ একযোগে ঢাকার মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ৯টি স্টেশন এবং গুলশান-১ আউটলেট উদ্বোধন করেছে।

গুলশান আউটলেট উদ্বোধন

সম্প্রতি গুলশান-১ এর হাউস-৪৮, রোড-৩৪ এ অবস্থিত 'ফ্রেশ সুপার মার্টটি' উদ্বোধন করেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন এমজিআই-এর ডাইরেক্টর তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা, ব্যারিস্টার তাসনিম মোস্তফা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তায়েফ বিন ইউসুফ, এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব এক্সপোর্ট সামিরা রহমান এবং ওয়াশিকুর রহমান ও রাশিক চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেট্রোরেল স্টেশনে শাখা

গুলশানের আউটলেটের পাশাপাশি ফ্রেশ সুপার মার্টের নতুন শাখা চালু হয়েছে মেট্রোরেলের মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর-১০, মিরপুর-১১, পল্লবী, উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট এবং উত্তরা নর্থ ডি গেট স্টেশনে। এর আগে পরীক্ষামূলকভাবে তেজগাঁও, মেঘনাঘাট এবং মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড)-এ তিনটি আউটলেট চালু করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোস্তফা কামালের বক্তব্য

অনুষ্ঠানে মোস্তফা কামাল বলেন, 'বাংলাদেশের নগরজীবন দ্রুত বদলাচ্ছে এবং ব্যস্ত মানুষের কেনাকাটার ধরনও পরিবর্তিত হচ্ছে। আমরা চাই, প্রতিদিনের যাত্রাপথেই গ্রাহকরা যেন সহজে, দ্রুত এবং মানসম্মত পণ্য সংগ্রহ করতে পারেন। ফ্রেশ সুপার মার্ট সেই লক্ষ্য বাস্তবায়নের একটি আধুনিক উদ্যোগ, যা দেশের রিটেইল খাতে নতুন মানদণ্ড তৈরি করবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোস্তফা কামাল আরও বলেন, 'এমজিআই ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ঘরে ঘরে মানসম্মত পণ্যের বিশ্বস্ত নাম। গ্রাহকদের হাতে এমজিআই ব্র্যান্ডেড পণ্য সরাসরি পৌঁছে দেয়ার উদ্যোগটি খুবই সময়োপযোগী। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।'

দেশের খুচরা বাজারের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, 'বাংলাদেশে আধুনিক সুপারশপ ও ব্র্যান্ডভিত্তিক রিটেইল শপ এখনো পাঁচ শতাংশেরও কম। অথচ বিশ্বের অনেক উন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে আধুনিক সুপারশপের উপস্থিতি অনেক বেশি দেখা যায়। আমরা সেই ব্যবধান কমাতে কাজ করছি। প্রাথমিকভাবে সারা দেশে আরও ৫০টি আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে।'

ভিন্ন ধারণা

দেশের বিদ্যমান সুপারশপ ও হাইপারমার্কেটগুলোর তুলনায় ফ্রেশ সুপার মার্ট ভিন্ন ধারণা নিয়ে এসেছে। ব্যস্ত মানুষের চলার পথেই প্রয়োজনীয় কেনাকাটার সুবিধা পৌঁছে দিতে ছোট পরিসরের এসব আউটলেট গড়ে তোলা হয়েছে। টোকিও, সিউল ও সিঙ্গাপুরের মতো শহরগুলোতে এ ধরনের মডেল ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়।