ভারতে কুইক কমার্সের জয়জয়কার, বড় ব্র্যান্ডের আয়ের মূল খুঁটি
ভারতে কুইক কমার্সের জয়জয়কার, বড় ব্র্যান্ডের আয়ের ভরসা

ভারতের খুচরা বিক্রয় খাতে নীরবে এক বড় পরিবর্তন ঘটে গেছে। 'কুইক কমার্স' নামে পরিচিত অতি দ্রুত ডেলিভারি সেবা প্রতিষ্ঠানগুলো এখন দেশটির সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। মাত্র ১০ মিনিটে পণ্য পৌঁছে দেওয়ার এই সেবা টাটা, আইটিসি, ডাবর ও ব্রিটানিয়ার মতো বড় কোম্পানিগুলোর ডিজিটাল বিক্রির প্রধান ভরসায় পরিণত হয়েছে।

কুইক কমার্সের উত্থান

ভারতে কুইক কমার্সের যাত্রা শুরু করোনা মহামারির সময়। লকডাউনের কারণে সরবরাহশৃঙ্খলে বিঘ্ন ঘটলে ছোট ছোট ডেলিভারি প্রতিষ্ঠান নিত্য ও জরুরি পণ্য সরবরাহে এগিয়ে আসে। দ্রুতই প্ল্যাটফর্মগুলো জনপ্রিয়তা পায় এবং বর্তমানে ব্লিনকিট, জেপটো, সুইগি ইনস্টামার্টের মতো প্রতিষ্ঠান বড় ব্র্যান্ডের আয়ের মূল খুঁটিতে পরিণত হয়েছে।

পরিসংখ্যানে চমক

সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৬ অর্থবছরে আইটিসি, টাটা কনজিউমার ও পার্লের মতো কোম্পানিগুলোর মোট অনলাইন বিক্রির ৬০ থেকে ৭৫ শতাংশ আসছে কুইক কমার্স থেকে। মাত্র এক বছর আগেও এই হার ছিল অর্ধেকের কম। ডাবর ইন্ডিয়ার ক্ষেত্রে এটি আরও চোখে পড়ার মতো—গত ডিসেম্বর পর্যন্ত অনলাইন বিক্রির অর্ধেক এলেও চলতি বছরের মার্চে তা ৭৫ শতাংশে পৌঁছেছে। ব্রিটানিয়া ও টাটা কনজিউমারের ক্ষেত্রেও এই হার ৭০ শতাংশের ওপরে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেন কুইক কমার্সের জয়জয়কার

ইকোনমিক টাইমসের মতে, ভারতীয়দের কেনাকাটার মনস্তত্ত্ব বুঝতে পেরেছে এসব প্ল্যাটফর্ম। আমাজন বা ফ্লিপকার্টে মানুষ বড় অর্ডারের জন্য অপেক্ষা করলেও দৈনন্দিন গৃহস্থালি পণ্যের জন্য তারা এখন অ্যাপে অর্ডার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই তাৎক্ষণিক প্রয়োজন মেটাচ্ছে কুইক কমার্স। ক্রেতারা দামের চেয়ে সুবিধাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, ফলে কোম্পানিগুলো প্রিমিয়াম পণ্যও সহজেই বিক্রি করতে পারছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চ্যালেঞ্জও আছে

বিক্রির পরিসংখ্যান পাহাড়সম হলেও পথ মসৃণ নয়। পাড়ায় পাড়ায় ডার্ক স্টোর পরিচালনায় বিপুল খরচ এবং লাভের মার্জিন কম থাকায় পুঁজি হারানোর ঝুঁকি রয়েছে। এছাড়া ডেলিভারি কর্মীদের ওপর চাপ ও পরিবেশদূষণ নিয়ে সমালোচনা বাড়ছে। সবচেয়ে বড় সংকটে পড়েছে পাড়ার কিরানা স্টোরগুলো, যারা কুইক কমার্সের দাপটে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে।

ভবিষ্যৎ কোন দিকে

বিশ্বের অনেক দেশে কুইক কমার্স মডেল ব্যর্থ হলেও ভারত ব্যতিক্রম। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের ধৈর্যহীনতা কোম্পানিগুলোর লাভ বাড়ালেও ভবিষ্যতে সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় আচরণ বদলাতে পারে। তাই বড় কোম্পানিগুলো শুধু ১০ মিনিটের ডেলিভারির ওপর নির্ভর না করে চিরাচরিত বাজার ব্যবস্থাকেও গুরুত্ব দিচ্ছে।