পদ্মা সেতুতে ই-টোল ব্যবহারে ঈদে বাড়তি যানবাহন চাপ সামলাচ্ছে সফলভাবে
পদ্মা সেতুতে ই-টোল ব্যবহারে ঈদে যানবাহন চাপ সামলাচ্ছে সফলভাবে

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ই-টোল সেবা ব্যবহারকারীর সংখ্যা ঈদ উপলক্ষে বেড়েছে। এসপায়ার টু ইনোভেট (এটুআই) পরিচালিত ‘ডি-টোল’ নামের নগদবিহীন এই সেবা ব্যবহার করে পদ্মা সেতুর টোল প্লাজায় গাড়ি না থামিয়েই সেতুর টোল দিতে পারছেন চালকেরা। নগদ অর্থের বদলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দ্রুত ও নির্বিঘ্নে টোল পরিশোধের সুযোগ থাকায় পদ্মা সেতুতে ঈদকেন্দ্রিক অতিরিক্ত যানবাহনের চাপ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেবাটি। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসপায়ার টু ইনোভেট।

ডি-টোল প্রযুক্তি ও কার্যপদ্ধতি

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডি-টোল মূলত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিনির্ভর একটি উন্মুক্ত ও আন্তসংযুক্ত টোলিং প্ল্যাটফর্ম। গাড়িতে থাকা বিআরটিএ আরএফআইডি ট্যাগ ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করতে পারে প্ল্যাটফর্মটি। ফলে আলাদা কোনো যন্ত্র বা অন-বোর্ড ইউনিট কিনতে হয় না। পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ধাপে ধাপে এই সেবা চালু করা হয়েছে এবং প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক গাড়ি প্ল্যাটফর্মটি ব্যবহার করছে।

ঈদে ব্যবহারকারী ও টোল আদায়ের পরিমাণ

বিভিন্ন ব্যাংক, মোবাইল আর্থিক সেবা ও ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে টোল পরিশোধ করার সুযোগ থাকায় ঈদ উপলক্ষে ই-টোল ব্যবহার করা গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসপায়ার টু ইনোভেটের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আবদুল্লাহ আল ফাহিম জানান, এখন পর্যন্ত ১০ হাজারের বেশি যানবাহন প্ল্যাটফর্মটিতে নিবন্ধিত হয়েছে এবং ৭ কোটি টাকার বেশি টোল আদায় করা হয়েছে। ডি-টোল চালুর ফলে যাতায়াতে স্বস্তি বেড়েছে, যানজট কমেছে এবং বিপুল পরিমাণ কর্মঘণ্টা সাশ্রয় সম্ভব হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্প্রসারণ

এসপায়ার টু ইনোভেট কর্তৃপক্ষের তথ্যমতে, পদ্মা সেতুতে সফল বাস্তবায়নের পর পর্যায়ক্রমে যমুনা সেতুসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ সেতু ও এক্সপ্রেসওয়েতে ডি-টোল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং অন্য টোল অপারেটরদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জাতীয় আন্তসংযুক্ত টোলিং ইকোসিস্টেম গড়ে তোলার কাজ চলছে।