আইফোনে মুছে না যাওয়া বার্তার ত্রুটি, অ্যাপল দিল হালনাগাদ
আইফোনে মুছে না যাওয়া বার্তার ত্রুটি, অ্যাপল দিল হালনাগাদ

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সিগন্যালসহ বিভিন্ন মেসেজিং অ্যাপ ও ফোন থেকে সরাসরি বার্তা আদান-প্রদান করেন অনেকে। বন্ধু বা পরিচিতদের সঙ্গে আদান-প্রদান করা গোপনীয় বার্তাগুলো প্রয়োজন শেষে মুছে ফেললেও সেগুলো আইফোন থেকে মুছে যায় না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। অভিযোগের সত্যতা পাওয়ার পর আইওএসের জরুরি নিরাপত্তা হালনাগাদ (আপডেট) প্রকাশ করেছে অ্যাপল।

কী সমস্যা ছিল?

অ্যাপলের তথ্য অনুযায়ী, মুছে ফেলার জন্য চিহ্নিত কিছু নোটিফিকেশন বার্তা অপ্রত্যাশিতভাবে মুছে না গিয়ে আইফোনে থেকে যাচ্ছিল। ফলে ব্যবহারকারীরা বার্তা মুছে ফেললেও ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগ তৈরি হয়েছিল। আর তাই মুছে না যাওয়া বার্তার মাধ্যমে তথ্য ফাঁস ঠেকাতে ‘আইওএস ২৬.৪.২’ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

এফবিআইয়ের সক্ষমতা

সম্প্রতি অ্যাপলের বিরুদ্ধে করা অভিযোগে বলা হয়, সাধারণ বার্তার পাশাপাশি সিগন্যাল অ্যাপ থেকে মুছে ফেলা বার্তার তথ্যও দীর্ঘদিন ধরে গোপনে সংরক্ষণ করা থাকে আইফোনে। ফলে সন্দেহভাজন এক ব্যক্তির আইফোন থেকে মুছে ফেলা সিগন্যাল অ্যাপের বার্তা পড়তে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। বিষয়টি জানার পর উদ্বেগ প্রকাশ করে সিগন্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেরেডিথ হুইটেকার জানান, কোনো অপারেটিং সিস্টেমেই মুছে ফেলা বার্তার নোটিফিকেশন সংরক্ষিত থাকা উচিত নয়। এ ধরনের ত্রুটি ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমাধান ও পরামর্শ

আইওএস ২৬.৪.২ সংস্করণে মুছে ফেলা বার্তা গোপনে রয়ে যাওয়ার ত্রুটির সমাধান করা হলেও আগের সব সংস্করণে ত্রুটিটি রয়েছে গেছে বলে জানিয়েছে অ্যাপল। আর তাই আইফোন ১১ থেকে পরবর্তী সব মডেলের আইফোনে হালনাগাদ সংস্করণটি দ্রুত ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: নিউজ১৮

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ