সেলফিতে ‘ভি’ চিহ্ন দিচ্ছেন? সাবধান! আপনার আঙুলের ছাপ চুরি হতে পারে
সেলফিতে ‘ভি’ চিহ্ন দিলে আঙুলের ছাপ চুরির ঝুঁকি

বিজয় কিংবা শান্তির প্রতীক হিসেবে দুই আঙুলে ‘ভি’ চিহ্ন দেখানো আন্তর্জাতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তবে এই জনপ্রিয় ভঙ্গিটিই এখন আপনার ডিজিটাল নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নতির ফলে সেলফি থেকে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট চুরি করা এখন সময়ের ব্যাপার মাত্র।

বিশেষজ্ঞের পরীক্ষায় উদ্বেগ

গত মাসে চীনের নিরাপত্তা বিশেষজ্ঞ লি চ্যাং একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে দেখান, কীভাবে একজন তারকার সেলফি থেকে তার আঙুলের ছাপ নিখুঁতভাবে সংগ্রহ করা সম্ভব। তার বিশ্লেষণ অনুযায়ী, ১.৫ মিটারের কম দূরত্ব থেকে তোলা ছবিতে আঙুলের ছাপ পুরোপুরি উদ্ধার করার সম্ভাবনা অনেক বেশি। এমনকি ৩ মিটার দূর থেকে তোলা ছবি থেকেও প্রায় অর্ধেক তথ্য সংগ্রহ করা যায়। বাকি অস্পষ্ট অংশটুকু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সফটওয়্যারের মাধ্যমে নিখুঁত করে তোলেন হ্যাকাররা।

এআই প্রযুক্তির ভূমিকা

অনুষ্ঠানে চ্যাং সাধারণ ফটো এডিটিং সফটওয়্যার এবং এআই প্রযুক্তি ব্যবহার করে দেখান, খালি চোখে ঝাপসা মনে হওয়া আঙুলের ছাপও কীভাবে অত্যন্ত বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা সম্ভব। চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সের ক্রিপ্টোগ্রাফি বিভাগের অধ্যাপক জিং জিউ এই আশঙ্কার সত্যতা নিশ্চিত করে বলেন, হাই-ডেফিনিশন ক্যামেরার প্রসারের ফলে এখন কেবল ‘ভি’ পোজের ছবি থেকেই হাতের বিস্তারিত তথ্য পুনর্গঠন করা কারিগরিভাবে সম্ভব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপত্তা উদ্বেগ ও বিশেষজ্ঞদের মতামত

লি চ্যাং-এর এই পরীক্ষা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন, আঙুলের ছাপ চুরি করে বায়োমেট্রিক নিরাপত্তা ভাঙা ততটা সহজ নয়। তাদের মতে, ছবির আলো, ক্যামেরার ফোকাস এবং স্বচ্ছতার ওপর অনেক কিছু নির্ভর করে। এ ছাড়া একজন ব্যক্তির পরিচয় চুরির জন্য সাধারণত একই ব্যক্তির একাধিক ছবির প্রয়োজন হয়।

সুরক্ষার উপায়

যারা বায়োমেট্রিক নিরাপত্তা নিয়ে চিন্তিত কিন্তু সেলফিতে ‘ভি’ চিহ্ন দেওয়া ছাড়তে পারছেন না, তাদের জন্য পরামর্শ দিয়েছেন লি চ্যাং। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করার আগে ডিজিটাল এডিটিং টুলের মাধ্যমে আঙুলের ডগা ঝাপসা করে দেওয়া উচিত। এতে ব্যক্তিগত বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত থাকবে।