ঢাকা-ময়মনসিংহ রেলপথে দুই ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন। এর আগের দিনও একই রুটে একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে।
প্রথম ঘটনা
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও উপজেলার হাতীখলা এলাকায় পৌঁছালে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি মাঝপথে আটকে পড়ে। পরে চালক ও রেলকর্মীদের চেষ্টায় ইঞ্জিনটি সচল করা হয়। সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি মশাখালী স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল।
দ্বিতীয় ঘটনা
প্রায় এক ঘণ্টা পর আবারও একই রুটে বিপত্তি ঘটে। বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় ট্রেনটি আটকে পড়লে ফের বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
আগের দিনের ঘটনা
এর আগে রোববার দুপুরে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় আগুন লাগে। পরে মেরামতের পর প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
কর্তৃপক্ষের বক্তব্য
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, সকাল থেকে ঢাকা ও জামালপুরগামী দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। বর্তমানে রুটটিতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি জানান, এই রুটে চলাচলকারী বেশিরভাগ ইঞ্জিনই পুরোনো। অতিরিক্ত ব্যবহারের কারণে ইঞ্জিন গরম হয়ে বিকল হচ্ছে। নতুন ইঞ্জিন সংযোজন ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন জানান, ফাতেমানগর স্টেশনে আটকে পড়া ট্রেন উদ্ধারে রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। এছাড়া ময়মনসিংহ জংশন ও আউলিয়ানগর স্টেশনেও দুটি ট্রেন আটকা পড়ে আছে।



