দীর্ঘ ২৩ বছরের ভোগান্তি শেষ, মোংলা নদীতে ২৪ ঘণ্টার ফেরি চালু
২৩ বছরের ভোগান্তি শেষ, মোংলায় ২৪ ঘণ্টার ফেরি চালু

দীর্ঘ ২৩ বছরের ভোগান্তির অবসান ঘটিয়ে মোংলা নদীতে ২৪ ঘণ্টার সার্বক্ষণিক ফেরি সার্ভিস চালু হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৮টায় স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডসংলগ্ন ফেরিঘাটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফেরি সার্ভিসের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম। এখন থেকে জোয়ার-ভাটার ওপর নির্ভর না করে দিন-রাত দুটি ফেরি চলাচল করবে, যা মোড়েলগঞ্জ, শরণখোলা, রামপাল ও মোংলা উপজেলার লাখো মানুষের যাতায়াত আরও সহজ করবে।

২৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের হাজারো কর্মজীবী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং নদী পারাপারে দুর্ঘটনা এড়াতে ২৪ ঘণ্টার এ ফেরি সার্ভিস চালু করা হয়েছে। ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন তা শুধু জোয়ারের সময় চালু থাকত। ভাটার সময় ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো। এখন থেকে দুটি ফেরি সার্বক্ষণিক চলাচল করবে।

ভবিষ্যৎ পরিকল্পনা ও অর্থনৈতিক প্রভাব

প্রতিমন্ত্রী আরও জানান, মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেতুর নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ফেরি সার্ভিস চালু থাকবে। এর ফলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া দিন-রাত ফেরি চলাচল শুরু হওয়ায় জয়মনির খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন আরও সহজ হবে। মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলার মানুষের যাতায়াত সুবিধা বাড়বে এবং দক্ষিণাঞ্চলের কৃষিপণ্য পরিবহণেও গতি আসবে। এতে ফেরি সার্ভিসটি লাভজনক হয়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস এবং বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক।