ঈদুল আজহায় চালু হচ্ছে বিশেষ নৌরুট, বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা
ঈদুল আজহায় বিশেষ নৌরুট চালু, বাল্কহেডে নিষেধাজ্ঞা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আগামী রবিবার (২৪ মে) থেকে ঢাকার অদূরে কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-চাঁদপুর-ঈদগাঁও নৌরুটে লঞ্চ চলাচল করবে। পাশাপাশি ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে হাকিমুদ্দিন, চাঁদপুর, মুলাদি, গলাচিপা, বরিশাল ও ইলিশা রুটেও লঞ্চ চলাচল শুরু হবে।

শনিবার (২৩ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক বিশেষ নৌরুট চালু করা হচ্ছে। একইসঙ্গে যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন ও বাল্কহেড চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মালামাল পরিবহন ও বাল্কহেডে নিষেধাজ্ঞা

ঈদযাত্রা নিরাপদ রাখতে সদরঘাট থেকে ঈদের আগের পাঁচ দিন সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। একইভাবে ঈদের পরবর্তী পাঁচ দিন দেশের অন্যান্য নদীবন্দর থেকে সদরঘাটগামী যাত্রীবাহী নৌযানেও মালামাল বহন নিষিদ্ধ থাকবে। এছাড়া শনিবার (২৩ মে) থেকে আগামী ২ জুন পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যদিকে, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি সেবা

যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌকা বা ট্রলার থেকে লঞ্চে ওঠানামা না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে দুর্ঘটনা এড়াতে বাস থেকে নেমে পায়ে হেঁটে ফেরিতে ওঠার আহ্বান জানানো হয়।

সেবা সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য বিআইডব্লিউটিএ’র হটলাইন নম্বর ১৬১১৩ এ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১ এবং নৌপুলিশের ০১৭৬৯-৭০২২১৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ