রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) কর্তৃক অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি। বৃহস্পতিবার রাসিকের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরপরও নগরীর বিভিন্ন স্থানে অটোরিকশার ভাড়া বেড়েছে বলে যাত্রী সাধারণের পক্ষ থেকে অভিযোগ উঠে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে তদারকি
যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার অটোরিকশা ভাড়া তদারকিতে মাঠে নামেন রাসিকের রাজস্ব বিভাগের কর্মীরা। রাসিক সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজশাহী মহানগরীতে চলাচলকারী কিছু অটোরিকশাচালক যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করছে মর্মে অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে রাসিক জানায়, তারা নগরীতে অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করেনি। ফলে অতিরিক্ত ভাড়া আদায় বেআইনি হবে।
গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা
রাসিকের গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিরিক্ত ভাড়া প্রদান থেকে বিরত থাকার জন্য যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য অটোরিকশা চালকদের নির্দেশনা প্রদান করা হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার ভাড়া তদারকিতে মাঠে নামেন রাজশাহী সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মীরা। নগরীর বর্ণালী, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন মোড়ে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশাচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী সিটি করপোরেশন কোনো ভাড়া বৃদ্ধি করেনি বলে তাদের অবহিত করা হয় এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়।
এ সময় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ উপ-যানবাহন শাখার অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



