টানা তিন দিন কমল সোনার দাম, আজ কমল ২ হাজার ১৫৮ টাকা
টানা তিন দিন কমল সোনার দাম, আজ কমল ২ হাজার ১৫৮ টাকা

দেশের বাজারে আজ আবারও কমেছে সোনার দাম। টানা তিন দিন ধরে সোনার দাম কমছে। আজ ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম কমেছে ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আজ সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

গত তিন দিনে দাম কমেছে ৬ হাজার ৫৯০ টাকা

এর আগে গতকাল বুধবার ও তার আগের দিন মঙ্গলবার সোনার দাম কমানো হয়। গত তিন দিনে মোট সোনার দাম কমেছে ৬ হাজার ৫৯০ টাকা।

নতুন দর অনুযায়ী বিভিন্ন ক্যারেটের দাম

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আজ মূল্যহ্রাসের আগের দাম

আজ মূল্যহ্রাসের আগপর্যন্ত দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৪ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি ১ লাখ ৬১ হাজার ৬০৪ টাকা।

বিশ্ববাজারে মূল্যহ্রাসের কারণ

মূলত বিশ্ববাজারে মূল্যহ্রাসের কারণে সোনার দাম কমানো হয়েছে। গোল্ডপ্রাইস ডটকমের তথ্যানুযায়ী, আজ এ প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৬১৩ ডলার। আগে বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও গত ৩০ দিনে সোনার দাম কমেছে ২৩৭ ডলার ৮৯ সেন্ট।

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর সামগ্রিকভাবে বিশ্ববাজারে সোনার দাম কমেছে। এর কারণ হলো, সোনার দাম এমনিতেই বাড়তি। ২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রুপার দাম অপরিবর্তিত

এদিকে আজ রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা।

জানুয়ারিতে সর্বোচ্চ দাম

গত জানুয়ারিতে স্পট মার্কেটে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এর প্রভাবে দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।