বরগুনার তালতলীতে বজ্রপাতে এক যুবক নিহত ও তার বাবা আহত হয়েছেন। রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে তালতলী উপজেলার পায়রা নদীতে আইশোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
জানা গেছে, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামের বাসিন্দা লোকমান ফরাজী (৫০) ও তার ছেলে অলিউল্লাহ ফরাজী (২১) পায়রা নদীতে বরশি দিয়ে মাছ ধরতে যান। সকাল ১০টার দিকে তারা ট্রলার থেকে বরশি ফেলে মাছের অপেক্ষা করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত তাদের ট্রলারের পাশে নদীতে আঘাত হানে। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন।
ছেলের নাক ও কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে বাবা ট্রলার চালিয়ে ছেলেকে বাড়িতে নিয়ে এলে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ডা. পপি হালদার অলী উল্লাহকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
নিহত অলী উল্লাহর চাচা বেল্লাল ফরাজী বলেন, বাবা ও ছেলে বরশি ফেলে পায়রা নদীতে মাছ শিকার করতে গিয়েছিল। তারা আইশোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে বরশি ফেলে অপেক্ষা করছিল। ওই সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ট্রলারের পাশে আঘাত হানে। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। পরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক ছেলে অলী উল্লাহকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের মন্তব্য
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি হালদার বলেন, অলী উল্লাহ হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মারা গেছেন এবং বাবাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রশাসনের বক্তব্য
তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতের বিষয়টি জেনেছি। হাসপাতাল থেকে পরিবার লাশ বাড়িতে নিয়ে যাবেন।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।



