রাজধানীর বাজারে পবিত্র ঈদুল আজহার ছুটির পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, ঈদ শেষে গ্রাম থেকে এখনো অনেক আড়তদার ও পাইকার ফিরে আসেননি। শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর পূর্ব রামপুরাসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
মুরগির দাম বেড়েছে
বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, যা আগের তুলনায় বেড়েছে। পাকিস্তানি মুরগির কেজি ৩৫০ টাকা। তবে গরু ও খাসির মাংসের দোকান খোলা না থাকায় দাম জানা সম্ভব হয়নি।
মাছের বাজার স্থিতিশীল
মাছের বাজারে প্রতি কেজি পাঙাস ও তেলাপিয়া মাছ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের কই মাছের কেজি ২২০ টাকা, রুই মাছ ৩২০ টাকা, শিং মাছ ৩২০ টাকা এবং মৃগেল মাছ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের দামে স্বস্তি
ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বাদামি (ব্রাউন) ডজন ডিম ১৩০ টাকায় এবং সাদা ডজন ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আগে এসব ডিম যথাক্রমে ১৪০ ও ১৩০ টাকায় বিক্রি হয়েছিল।
সবজির দাম কমেছে
সবজির বাজারে কচুমুখী প্রতি কেজি ৮০ টাকা, মূলা ৪০ টাকা, শসা ৪০ টাকা এবং করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়সের কেজি ৪০ টাকা এবং বেগুনের কেজি ৬০ টাকা। চাল কুমড়া বিক্রি হচ্ছে প্রতি পিস ৫০ টাকা এবং লাউ ৬০ টাকায়।



