ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেশের মানুষকে দেখিয়ে দিচ্ছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে এ দেশে কোনো কাজ হয়নি; বরং বিভিন্ন খাতে হয়েছে কাজের নামে সীমাহীন লুঠপাট।
হাটহাজারীতে উন্নয়নমূলক অনুষ্ঠান
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রামের হাটহাজারীতে সরকার ঘোষিত ৫ বছরে সারা দেশে ২৫ কোটি চারা রোপণের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে চারা বিতরণ ও রোপণ, হালদা নদীর নিবন্ধিত জেলেদের মধ্যে সেলাইমেশিন বিতরণ, কৃষি বিভাগের আমন প্রণোদনা বিতরণ এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ চত্বরে বেলা দেড়টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
হালদা নদী সুরক্ষা ও জেলে কল্যাণ
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, চট্টগ্রামের হালদা নদী প্রাকৃতিক মৎস্য প্রজননের জন্য সর্বোৎকৃষ্ট স্থান। যেকোনো মূল্যে আমরা হালদা নদীকে সুরক্ষিত রাখব। হালদার ওপর নির্ভরশীল জেলে সম্প্রদায় বা মৎস্যজীবীরা মৎস্য আহরণ করতে পারেন না। তাই তাদের জীবনমান উন্নয়নের জন্য সেলাইমেশিন এবং গবাদিপশু দেওয়া হয়েছে।
প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়তা
তিনি আরও বলেন, সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি আছেন। আমাদের সমাজে অনেক সময় পরিবার তাদের বিশেষ চাহিদাটা পূরণ করতে পারে না। কিন্তু আমাদের মানবিক ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী চেষ্টা করছেন সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অসুবিধা কিছুটা কমাতে।
বৃক্ষরোপণের গুরুত্ব
প্রতিমন্ত্রী আরও বলেন, বসবাসযোগ্য বাংলাদেশ গড়তে চাই, বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। আমরা দেশে প্রাকৃতিক ভারসাম্য ফেরত আনতে চাই। আমরা যদি সেই উদ্দেশ্য এবং প্রধানমন্ত্রীর সেই প্রত্যয়ের কারণে আজকে আমরা হাটহাজারীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এবং উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসপি সাইফুর রহমান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, সমাজসেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রথমে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করে ওই কর্মসূচির উদ্বোধন করেন।



