খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় বলেন, বাজারে চালসহ সব ধরনের দ্রব্যমূল্য স্থিতিশীল আছে।
ব্যাংক ও জ্বালানি সংকট কাটছে
প্রতিমন্ত্রী বলেন, আগে ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। এটাকে ঠিক করা হচ্ছে। জ্বালানি নিয়ে সংকটে ছিলাম। এ জন্য দীর্ঘমেয়াদি সংরক্ষণে নজর দিয়েছি। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত দৃঢ় হবে ততই মূল্যস্ফীতি কমবে।
চালের দাম নিয়ে বক্তব্য
বর্তমানে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। হঠাৎ করে বলা হলো চালের দাম বেড়ে গেছে। আমরা বাজারে দেখলাম চালের দাম স্থিতিশীল।
কৃষি ও সুশাসন প্রসঙ্গ
তিনি আরও বলেন, দেশে আঙুর, স্ট্রবেরি, অ্যাভোকাডো চাষ হচ্ছে। মানুষকে কাজ করার সুযোগ দিলে দেশ আরও উন্নত হবে। সুশাসন প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বারী বলেন, কথা আসছে সুশাসন নিয়ে। সব নিয়োগ পদায়নে সততা দক্ষতা মেধার ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। মেধাবী সৎ দক্ষ প্রশাসন ছাড়া এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। ১৭ বছর প্রশাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এটা থেকে উত্তোরণে আমরা কাজ করছি।
বাজেট বাস্তবায়নে কর্মসংস্থান
বাজেটের একটা টাকাও যেন অপচয় না হয় সেই বিষয়ে দেখা হচ্ছে। বাজেটের টাকা সঠিকভাবে ব্যবহার হলে কর্মসংস্থান ও দেশে আয় বাড়বে। এর ফলে আমরা উন্নত দেশে এগিয়ে যেতে পারব।



