জোঁকের আক্রমণে ধান কাটতে পারছেন না মীরসরাইয়ের কৃষকরা
জোঁকের আক্রমণে ধান কাটতে পারছেন না মীরসরাইয়ের কৃষক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়নের ফেনাফুনি গ্রামের কৃষকরা জোঁকের আক্রমণ ও জলাবদ্ধতার কারণে ইরি ধান কাটতে পারছেন না। গোভানিয়া-আবুতোরাব খালটি এক যুগেরও বেশি সময় ধরে মজে থাকায় বর্ষায় জলাবদ্ধতা ও শুকনো মৌসুমে সেচের অভাবে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।

জলাবদ্ধতায় ধান ডুবে যাওয়ার আশঙ্কা

সম্প্রতি টানা বৃষ্টির কারণে ফেনাফুনি গ্রামের প্রায় ৩শ একরের ফসলের মাঠের ধান ডুবে গেছে। কৃষকরা জানান, আর কিছু দিন থাকলেই ধান পচে যাবে। এর মধ্যে এক থেকে দেড় ইঞ্চি সাইজের জোঁকের কারণে ধান কাটা সম্ভব হচ্ছে না। উপজেলা প্রশাসন বারবার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

কৃষকদের দুর্ভোগ ও ক্ষতির পরিমাণ

ভুক্তভোগী কৃষক সাইফউল্লাহ (৫৪) ও আজিজুল হক (৫৫) জানান, তাদের পরিবারের অন্তত কয়েক কানি জমির ধান মাঠে আটকে গেছে। ধান কেটে না আনলে ফলন পাওয়া যাবে না, কারণ পানিতে পচে যাবে ধান। এতে প্রায় ৪০ হাজার টাকার খরচ উঠবে না এবং নিজেদের খাবারের চালের সংস্থানও হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কৃষক সাইফউল্লাহ আরও বলেন, প্রায় ১শ একর জমির ধান এখন পানির নিচে। জোঁকের আক্রমণের কারণে কেউ কেউ ঝুঁকি নিতে চাইলেও বেশিক্ষণ পানিতে দাঁড়িয়ে ধান কাটতে পারছেন না। এমতাবস্থায় উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

প্রশাসনের প্রতিশ্রুতি ও বাস্তবতা

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, আটকে থাকা পানি কমে গেলেই কৃষকরা অনুকূল পরিবেশ পেত। মাঠকর্মীদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, শিগগিরই গ্রামের কৃষকদের সহযোগিতা ও খালটি খননসহ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তাৎক্ষণিক কী করা যায়, তার জন্যও ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ