নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি তালাবদ্ধ ঘর থেকে এক নারী পোশাক শ্রমিকের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) মধ্যরাতে পূর্ব নিমাইকাসারী এলাকার মামা-ভাগিনা গলিতে মহিদুল ইসলামের বাড়ির একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ
নিহত বর্ষা আক্তার (২০) সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তিনি স্বামী মামুন ওরফে রুবেলের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুই থেকে তিন দিন আগে বর্ষার সঙ্গে পরিবারের সদস্যদের শেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একই সঙ্গে কয়েক দিন ধরে বাসাটির বাইরে তালা ঝুলতে দেখা যায়।
লাশ উদ্ধারের প্রক্রিয়া
বুধবার সন্ধ্যায় ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি বর্ষার পরিবার ও পুলিশকে অবহিত করেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘর থেকে বর্ষার মুখ ও পা বাঁধা অবস্থায় গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে।
পারিবারিক বিরোধ ও মামলা
নিহতের মা সুলতানা ও বড় বোন স্বপ্না জানান, প্রায় দেড় মাস আগে স্বামীর প্রথম স্ত্রীকে কেন্দ্র করে বর্ষার সঙ্গে মামুনের বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকেই মামুনের বাসায় আসা-যাওয়া কমে যায়। এ ঘটনায় নিহতের মা সুলতানা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশের কার্যক্রম
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।



