দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরেক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ও আহত শিক্ষার্থীদের পরিচয়

নিহত শিক্ষার্থীর নাম তন্ময় কুরী। সে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডেলটা জুট মিল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। তার বাবার নাম কার্তিক কুরী। এ ঘটনায় আহত পরীক্ষার্থীর নাম জিৎ দেবনাথ। সে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি (ভকেশনাল) পরীক্ষার্থী।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আজ এসএসসি পরীক্ষা না থাকায় তন্ময় ও জিৎ ঘুরতে বের হয়। বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক পার হওয়ার সময় চৌমুহনী থেকে মাইজদীগামী একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তন্ময়কে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে পথে বেলা দুইটার দিকে তার মৃত্যু হয়। আহত জিৎ নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিক্ষোভ ও সড়ক অবরোধ

তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বেলা তিনটার দিকে চৌমুহনী-মাইজদী মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে ও বিভিন্ন আসবাব রেখে যানচলাচল বন্ধ করে দেন। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল সাড়ে চারটার দিকে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রতিক্রিয়া

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, পরীক্ষা না থাকায় দুই বন্ধু ঘুরতে বের হয়েছিল। সেই ঘোরাই তন্ময়ের জীবনের শেষ ঘোরা হবে, তা কেউ ভাবেনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, দুর্ঘটনার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে জড়িত অটোরিকশা শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা সরে যায়। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।