রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়কে তীব্র যানজট
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়কে যানজট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত নোবেল কটন অ্যান্ড স্পিনিং মিলের কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

যানজটে ভোগান্তি

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে পড়ে।

শ্রমিকদের অভিযোগ

শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস ধরে তারা নিয়মিত বেতন পাচ্ছেন না। বকেয়া বেতন পরিশোধে মালিকপক্ষ বারবার সময়ক্ষেপণ করছে। বিভিন্ন অজুহাতে বেতন পরিশোধে গড়িমসি করায় বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের হস্তক্ষেপ

পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালী উল্লাহ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বক্তব্য শোনে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা। বেলা আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।’

কারখানা কর্তৃপক্ষের বক্তব্য

নোবেল কটন অ্যান্ড স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘বৃহস্পতিবার কারখানায় প্রয়োজনীয় কাঁচামাল, বিশেষ করে তুলা সরবরাহ আসবে। এরপর উৎপাদন কার্যক্রম শুরু হবে। কারখানা চালু হওয়ার পর শ্রমিকদের সঙ্গে বসে বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ