বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ মে) সকালে নগরীর বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকা থেকে জাহিদা বেগম (২০) নামের ওই তরুণীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিবরণ
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র আইচ এই তথ্য নিশ্চিত করেন। জাহিদা কক্সবাজারের টেকনাফের আরসি নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মো. তাহেরের মেয়ে।
পুলিশ পরিদর্শক সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকার জলকাদের মোল্লা মসজিদের সামনে অভিযান চালায় পুলিশ। অভিযানে রোববার ভোররাতে ঢাকা থেকে পটুয়াখালীগামী মামুন পরিবহণের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদাকে গ্রেফতার করা হয়।
আইনি ব্যবস্থা
তিনি আরও জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই আল আমিন নাইম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়। বরিশালে ইয়াবা পাচার রোধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।



