মাইকেল মধুসূদনের স্মৃতিবিজড়িত বটগাছ উপড়ে গেল ঝড়ে
মধুসূদনের স্মৃতিবিজড়িত বটগাছ উপড়ে গেল ঝড়ে

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকায় কপোতাক্ষ নদের তীরে অবস্থিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বটগাছটি শনিবার দুপুরের কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা গভীর শোক ও আক্ষেপ প্রকাশ করেছেন।

ঝড়ের তাণ্ডবে ধ্বংস ঐতিহাসিক গাছ

শনিবার বেলা একটার দিকে আকাশে কালো মেঘ করে প্রচণ্ড কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। এই ঝড়ের তাণ্ডবে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির পূর্ব পাশে কপোতাক্ষ নদের তীরে থাকা বিশাল বটবৃক্ষটি উপড়ে পড়ে। কবির চতুর্দশপদী 'বটবৃক্ষ' কবিতায় অমর হয়ে থাকা এই গাছটি ভেঙে পড়ায় স্থানীয়দের মন ভারী হয়ে উঠেছে।

স্থানীয়দের শোক

বটবৃক্ষের পাশেই বাড়ি সুনীল হালদার (৭০) নামের এক বাসিন্দা বলেন, এই বটবৃক্ষের সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িত। দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক এই গাছ দেখতে আসতেন। এখন হয়তো আর কোনো পর্যটকের পদধূলি এখানে পড়বে না। তিনি বলেন, 'এটি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিময় বটবৃক্ষ। বটবৃক্ষটি ভেঙে পড়ায় আমরা আজ দুঃখে ভারাক্রান্ত।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গবেষকের বক্তব্য

মধুসূদন একাডেমির পরিচালক ও কবি খসরু পারভেজ জানান, কবি মাইকেল মধুসূদন দত্ত 'বটবৃক্ষ' কবিতাটি ফ্রান্সের ভার্সাই নগরীতে ১৮৬৫ সালে রচনা করেন। এটি একটি চতুর্দশপদী কবিতা। সুদূর ভার্সাই নগরীতে বসে তিনি তাঁর শৈশবের স্মৃতিময় বটবৃক্ষ নিয়ে কবিতাটি লিখে আবেগ ও স্মৃতি প্রকাশ করেছিলেন। কবিতাটি ১৮৬৭ সালে 'চতুর্দশপদী কবিতাবলি' বইয়ে প্রকাশিত হয়।

খসরু পারভেজ আরও বলেন, 'আমরা বহুদিন ধরে কবির স্মৃতিময় বটবৃক্ষটি রক্ষণাবেক্ষণের দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু বটবৃক্ষটি রক্ষার কোনো উদ্যোগ গ্রহণ না করায় কবির শেষ স্মৃতিচিহ্নটিও নিশ্চিহ্ন হয়ে গেল। এটা খুবই বেদনার এবং কষ্টের।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ