দুই মাস পর মেঘনায় জাল ফেলেও খালি হাতে জেলেরা, ইলিশশূন্য চাঁদপুরের ঘাট
দুই মাস পর মেঘনায় জাল ফেলেও খালি হাতে জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের জেলেরা মেঘনা নদীতে জাল ফেললেও অধিকাংশই খালি হাতে ফিরছেন। দেশের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণকেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাট আজ শুক্রবার সকালে ইলিশশূন্য দেখা গেছে। পাশের ডাকাতিয়া নদীর ঘাটেও মৎস্য শ্রমিকরা মাছের আশায় অপেক্ষমাণ ছিলেন।

নিষেধাজ্ঞা শেষ, কিন্তু মাছ নেই

গতকাল বৃহস্পতিবার রাত থেকে নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরা শুরু করেন জেলেরা। তবে বৈরী আবহাওয়া এবং অন্যান্য কারণে তারা সেভাবে মাছ ধরতে পারেননি। আজ সকালে দু-চারটি নৌকা নদী থেকে ফিরলেও জেলেরা খালি হাতে ফিরছেন। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শ্রমিক ও বিক্রেতাদের ভাষ্য

মাছঘাটের শ্রমিকরা বলছেন, নদীতে মাছ নেই। অধিকাংশ জেলে খালি নৌকা নিয়ে ফিরছেন, তাই তারা ঘাটে অলস সময় কাটাচ্ছেন। স্থানীয় মৎস্য বিক্রেতা আলাউদ্দিন বলেন, অন্যান্য বছর এ সময় ইলিশসহ নানা মাছে ভরপুর থাকলেও আজ দুই থেকে চারটি ইলিশ এবং কিছু অন্যান্য মাছ ছাড়া কিছুই ওঠেনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইলিশের চড়া দাম

চাঁদপুর মাছঘাটে আজ এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ৩০০ টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকা। আর ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম ২ হাজার টাকা কেজি। আড়তদার সাগর হোসেন বলেন, মাত্র দুই মাসের অভিযান শেষ হয়েছে, তার ওপর আবহাওয়া ভালো না থাকায় জেলেরা নদীতে নামতে পারছেন না। যারা নেমেছেন, তাদের অধিকাংশই খালি হাতে ফিরছেন।

মৎস্য কর্মকর্তার ব্যাখ্যা

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দুই মাস নিষেধাজ্ঞার পর গতকাল রাত থেকে জেলেরা মাছ ধরা শুরু করলেও আবহাওয়া অনুকূলে না থাকায় অনেকে এখনো নদীতে নামেননি। ফলে মাছ তোলা সম্ভব হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ