সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানোর সময় ১৬৮ ক্যারেট ভর্তি ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ ও বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত আম পরিবহনের দায়ে পিকআপ চালক শাহিন হোসেনকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানের বিবরণ
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় পিকআপ ভর্তি এসব আম জব্দ করা হয়। বিজিবির সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান জানান, ঢাকার উদ্দেশে রওনা হওয়া একটি পিকআপ থেকে ৩৩৬০ কেজি অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করে শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়িবাঁধ সড়কে ট্রাকের চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়েছে।
এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরও বলেন, কাঁচা আম পাকাতে রাসায়নিক ব্যবহার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই এ বিষয়ে সতর্ক থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।



