চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম আমবাজার রহনপুরে আমচাষিদের কাছ থেকে প্রতি মণ ৫২ কেজি ওজনে আম ক্রয় করা হবে। মঙ্গলবার উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
মতবিনিময় সভায় উপস্থিতি
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান, ওসি নুরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলায়েনের হোসেন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও গোলাম কিবরিয়া হাবিব, আমচাষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব, আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন, রহনপুর রেলস্টেশন বাজার সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু, কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম, আমচাষি মাহমুদুল হাসান মামুন, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও আলাউদ্দিন পারভেজসহ অন্যরা।
সিদ্ধান্ত ও অঙ্গীকার
সভায় স্থানীয় আমচাষি, ব্যবসায়ী ও আম আড়তদার সমিতির নেতাদের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে ৫২ কেজিতে মণ ধরে আম ক্রয় করা হবে বলে জানানো হয়। তবে আমের ওজনের বিষয়ে বিভাগীয় কমিশনারের দপ্তর থেকে নতুন কোনো সিদ্ধান্ত গৃহীত হলে তা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন আম বিপণন সংশ্লিষ্টরা।



