বড়াইগ্রামে মাছ চাষির স্বপ্ন ভাঙল প্রতিহিংসায়
নাটোরের বড়াইগ্রামে ভাগ্যবদলের আশায় অন্যের জমি ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন আনোয়ার হোসেন। কিন্তু প্রতিহিংসার জেরে তার সব স্বপ্ন এখন শেষ হয়ে গেছে। উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে আনোয়ার পুকুরে গিয়ে দেখেন মাছ সব মরে ভেসে উঠেছে। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় পুকুরে দুর্বৃত্তরা বিষ দিয়ে এসব মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। আনোয়ারের দাবি, তার প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত আনোয়ার উপজেলার হারোয়া গ্রামের বাসিন্দা।
তিনি জানান, দুই বছর আগে কুমরুল গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামালের পাঁচ বিঘার পুকুর ৬ লাখ টাকায় তিন বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন। পুকুরে রুই, চিতল, কাতল, সিলভার কার্পসহ ১০ থেকে ১২ প্রজাতির দেড় লাখ টাকার মাছ ছাড়া হয়। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়।
শুক্রবার সকালে মাছ মরে যাওয়ার খবর পেয়ে তিনি পুকুরে গিয়ে দেখেন দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলছে। শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পুকুরের পানিতে ভেসে আছে মরা মাছ। দুর্গন্ধে টেকা দায়। পুকুর ইজারাদারের লোকজন মাছ তুলে পুকুরপাড়ে গর্ত করে পুঁতে ফেলছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন বলেন, মাছ নিধনের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



