রাজশাহীর বাগমারায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক (৫৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বৈকুড়ি গ্রামের বাসিন্দা এবং মচমইল বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার পর মোজাম্মেল হক মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। ভবানীগঞ্জ-কেশরহাট সড়কের দ্বীপনগর এলাকায় পৌঁছালে এক ব্যক্তি হঠাৎ সড়ক পারাপারের চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ওই ব্যক্তি আহত হন। মোজাম্মেল হকও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
চিকিৎসা ও মৃত্যু
স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মচমইলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে মোজাম্মেল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক রাত ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বক্তব্য
ভবানীগঞ্জ আদর্শ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের শিক্ষক শামসুল হক বলেন, নিহত মোজাম্মেল হক তাঁর ভায়রাভাই। ঈদ উপলক্ষে তাঁকে দাওয়াত দেওয়া হয়েছিল। বিকেলে ছেলেসহ তাঁর বাড়ি এসে খাওয়াদাওয়া শেষ করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। যাওয়ার সময় ছেলেকে তাঁর বাড়িতে রেখে একাই বাইক চালিয়ে ফিরছিলেন।
আইনি প্রক্রিয়া
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনার স্থান বাগমারা থানা এলাকায় হলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ায় নগরের রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



