চট্টগ্রামের লোহাগাড়ার বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল একটি হাতির পাল। তবে অসুস্থ হয়ে পড়ায় এক মাস বয়সী একটি হস্তীশাবককে ফেলে চলে যায় পালটি। পরে দুর্বল অবস্থায় শাবকটিকে উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।
কীভাবে উদ্ধার হলো শাবকটি?
গতকাল বুধবার দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের জয়নগর বাগানপাড়া এলাকা থেকে শাবকটিকে উদ্ধার করা হয়। পরে বিকেলে সেটিকে ডুলাহাজারা সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে।
স্থানীয়দের বর্ণনা
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে কলাগাছ খেতে হাতির পালটি বন থেকে লোকালয়ে আসে। মধ্যরাতের দিকে পালটি আবার বনে ফিরে যায়। গতকাল সকালে কৃষকেরা জমিতে গিয়ে শাবকটিকে দেখতে পান। অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল হওয়ায় সেটি ঠিকমতো হাঁটতেও পারছিল না। পরে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দেন।
শাবকের অবস্থা ও চিকিৎসা
বন বিভাগ সূত্রে জানা গেছে, দলছুট হয়ে পড়ায় শাবকটি মায়ের দুধ পান করতে পারেনি। বয়স কম হওয়ায় অন্য খাবারও ঠিকমতো খেতে পারছিল না। এ ঘটনায় সেটি আরও দুর্বল হয়ে পড়ে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল দুপুরে শাবকটিকে উদ্ধার করা হয়। শাবকটির কানের পাশে ক্ষত রয়েছে। অসুস্থ হয়ে পড়ায় হাতির পালটি সেটিকে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। সুস্থ হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ডুলাহাজারা সাফারি পার্কের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ আজ বৃহস্পতিবার সকালে বলেন, শাবকটির শরীরে কিছু ক্ষত রয়েছে। চিকিৎসা দেওয়ার পর ধীরে ধীরে সেটি খাবার গ্রহণ শুরু করেছে।



