বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিনজন নিহত
বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিনজন নিহত

বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন, উজিরপুর পৌরসভার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের মেয়ে জান্নাত আক্তার।

দুর্ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীদের বরাতে উদ্ধার অভিযানে থাকা গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে উজিরপুরের দিকে যাচ্ছিলেন ফিরোজ। বাটাজোর বাস স্ট্যান্ড এলাকায় যানজটের কারণে মোটরসাইকেল থামান তিনি। এ সময় ‘তাজ পরিবহন’ নামে যাত্রীবাহী একটি বাস বরিশালের দিকে যাওয়ার সময় পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

জনতার ক্ষোভ ও যানজট

দুর্ঘটনার পর পর স্থানীয় জনতা ক্ষোভে বাসটি ভাঙচুর করে। তবে, বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের ব্যবস্থা

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে, এর চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ