ফেনীর পশুর হাটে তোতাপুরি খাসি, দাম ১ লাখ টাকা
ফেনীর পশুর হাটে আকর্ষণ তোতাপুরি খাসি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীর দাগনভূঞায় পশুর হাটের আকর্ষণ হয়ে উঠেছে বিশাল আকৃতির একটি ‘তোতাপুরি’ খাসি। রাজকীয় চেহারা, চমৎকার গঠন ও সৌন্দর্যের কারণে দৃষ্টিনন্দন এই খাসিটি ক্রেতাদের নজর কেড়েছে। নতুন প্রজাতির এই তোতাপুরি খাসি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর-দূরান্তের ক্রেতা ও উৎসুক জনতা।

প্রাকৃতিক উপায়ে লালন-পালন

সরেজমিনে জানা যায়, দাগনভূঞার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈরাগির হাট এলাকার বাসিন্দা মো. ইলিয়াস সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পরম যত্নে দীর্ঘ ২২ মাস ধরে খাসিটি লালন-পালন করে আসছেন। তোতা পাখির আকৃতির মতো দৈহিক গঠনের কারণে এটির নাম রাখা হয়েছে ‘তোতাপুরি’। খামারি মো. ইলিয়াস বলেন, প্রায় ৫০-৫৫ কেজি ওজনের এই খাসিটির দাম চাচ্ছি এক লাখ টাকা। খাসিটি এখন আমাদের পরিবারেরই একটি অংশ হয়ে গেছে।

যত্ন ও পরিচর্যা

ছোটবেলা থেকে অত্যন্ত যত্ন নিয়ে একে বড় করা হয়েছে। কোনো ধরনের কৃত্রিম মোটাতাজাকরণ প্রক্রিয়া বা ক্ষতিকর হরমোন ও ওষুধ ব্যবহার করা হয়নি। নিয়মিত কাঁচা ঘাস, ভুষি ও পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপাশি স্বাস্থ্য পরিচর্যার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ২২ মাসে খাসিটির লালন-পালনের জন্য হাজার হাজার টাকা ব্যয় হয়েছে। প্রতিদিন নিয়ম করে গোসল করানো, ঘর পরিষ্কার রাখা ও সময়মতো সুষম খাদ্য দেওয়ার কারণে খাসিটি অত্যন্ত সুস্থ ও স্বাস্থ্যবান রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের প্রতিক্রিয়া

এত বড় ও আকর্ষণীয় খাসি সচরাচর দেখা যায় না। খামারির অক্লান্ত পরিশ্রমের কারণেই খাসিটি এতো সুন্দর হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় প্রতিবেশীরা। তারা আশা করছেন, আসন্ন কোরবানির হাটে খাসিটি ভালো দামে বিক্রি হবে। ফেনীর দাগনভূঞায় এই খাসিটি এখন সবার নজর কেড়েছে এবং ঈদুল আজহাকে ঘিরে ক্রেতাদের মধ্যে আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ