দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পানিতে ডুবে এক ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খয়েরবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু দুটি হলো ওই এলাকার শাহিন আলমের মেয়ে সাবিহা (৪) এবং ছেলে সিয়াম (৩)।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে ওই দুই শিশু বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া পুকুর সদৃশ্য গভীর গর্তে পড়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘসময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে তাদের ওই গর্ত থেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বক্তব্য
চিকিৎসক ডা. আলিফ নুরে আলম সায়েদী জানান, হাসপাতালে আনার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরে বিষয়টি থানায় জানানো হয়।
অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার জানান, বাড়ির পাশের মাঠ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে একটি গভীর গর্ত তৈরি হয়েছে, ফলে সেখানে সবসময় পানি জমা হয়ে থাকে। এলাকাবাসীর ধারণা, সিয়াম প্রথমে গর্তে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন সাবিহাও ডুবে যায়।
প্রশাসনের ভূমিকা
এ বিষয়ে একাধিকবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক শাপলা বেগম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



