সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্ত নদী জাদুকাটার পাড় কেটে খনিজ বালি চুরির ঘটনায় আটজনের নামে মামলা দায়ের করেছে থানা পুলিশ। পাশাপাশি চুরি করা বালিবোঝাই একটি স্টিল বডির ট্রলার জব্দ করা হয়েছে।
মামলার বিবরণ
মঙ্গলবার রাতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় সুনির্দিষ্টভাবে পাঁচজনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন উপজেলার জাদুকাটা নদীর তীরবর্তী ঘাগটিয়া গ্রামের বকুল মিয়ার ছেলে মান্না মিয়া ওরফে মান্না শাহ, রোমান মিয়া ওরফে রোমান শাহ, মৃত আসাদ মিয়া শাহর ছেলে মখসিনুর মিয়া ওরফে মখসিনুর শাহ এবং সফর আলীর ছেলে ইমাম হোসেন। এছাড়া গড়কাটি গ্রামের জহুর মিয়ার ছেলে তোফাজ্জল হোসেনকেও আসামি করা হয়েছে। মামলায় আরও তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘটনার বিবরণ
বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাউদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঘাগটিয়ার বকুল মিয়ার ছেলে মান্না মিয়া ওরফে মান্না শাহর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র জাদুকাটা নদীর পশ্চিম পাড়ের ঝালোরটেক এলাকায় পাড় কেটে খনিজ বালি চুরি করছিল। খবর পেয়ে টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ি ও থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশ নদীর তীর থেকে চুরি করে নিয়ে যাওয়া খনিজ বালিবোঝাই ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়। তবে এ সময় পাড় কাটায় জড়িত ব্যক্তিরা কৌশলে পালিয়ে যায়।



