সোনারগাঁয়ে অটোরিকশাচালককে মারধরের দুই দিন পর মৃত্যু, সড়ক অবরোধ
সোনারগাঁয়ে অটোচালককে মারধরের দুই দিন পর মৃত্যু, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোমিন (৪৫) নামে এক অটোরিকশাচালককে মারধরের দুদিন পর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সড়কে লাশ রেখে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয় লোকজন। এ সময় তারা হত্যার বিচার দাবি করেন।

ঘটনার বিবরণ

বুধবার (২০ মে) সকালে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের দড়িকান্দি এলাকায় এ বিক্ষোভ করা হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তির সৃষ্টি হয়। নিহত মুমিন সোনারগাঁয়ের সনমান্দি নাজিরপুর এলাকার মৃত হাকিম আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। অভিযুক্ত শাহিন (৪৫) সোনারগাঁয়ের সনমান্দি দড়িকান্দী এলাকার মৃত নশ্বর মিয়ার ছেলে।

মারধরের ঘটনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে দুপুরে দড়িকান্দি স্ট্যান্ডে অটোরিকশার সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে মো. মোমিনকে বেধড়ক মারধর করেন লাইনম্যান শাহিন। এতে মোমিন গুরুতর আহত হন। পরে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে নেওয়া হলে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিক্ষোভ ও যানজট

এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে মহাসড়কের দড়িকান্দি এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ৩০ মিনিট ধরে অবরোধ করে বিক্ষোভ করেন স্বজনরা। এতে মহাসড়কের জাঙ্গাল থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

চাঁদা দাবির অভিযোগ

নিহতের স্বজনরা জানান, মোমিনের কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন লাইনম্যান শাহিন। টাকা না দেওয়ায় মারধর করা হয়। আহত হয়ে হাসপাতালে মৃত্যু হয়। এ ঘটনায় ১৮ মে মোমিনের ভাই মোবারক হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগে শাহিনকে একমাত্র আসামি করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘নিহতের স্বজনরা প্রায় ৩০ মিনিটের মতো মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল। পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করা হয় এবং মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। পরে তাদের বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এখন যান চলাচল স্বাভাবিক আছে।’