কোরবানির পশু জবাইয়ের ৮ ঘণ্টায় ঢাকা পরিচ্ছন্ন করার ঘোষণা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম জানিয়েছেন, কোরবানির পশু জবাইয়ের পর ৮ ঘণ্টার মধ্যেই রাজধানীকে সম্পূর্ণ পরিচ্ছন্ন করা হবে। এই লক্ষ্যে কোরবানির পশুর হাট শেষ হওয়ার রাত থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হবে। বুধবার (২০ মে) সকালে সবজি বাগান ল্যান্ডস্কেপিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
ডিএসসিসি প্রশাসক বলেন, এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ১১টি পশুর হাট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে। হাটগুলোতে পশু চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন, যাতে সব কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে প্রস্তুতি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রসঙ্গে তিনি জানান, এ বছর এই রোগ দুটি নিয়ন্ত্রণে আগে থেকেই প্রস্তুতিমূলক কাজ শুরু করা হয়েছে। লার্ভা বেশি থাকে এমন এলাকাগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, পানি জমে থাকলেই ডেঙ্গুর ঝুঁকি বাড়ে। তাই সবাইকে নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি।



