মেক্সিকোর সরকারি স্কুলের শিক্ষকেরা বেতন বৃদ্ধির দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছেন। দাবি পূরণ না হলে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সময় দেশজুড়ে আন্দোলনের মাধ্যমে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা। শুক্রবার (১৫ মে) শিক্ষক দিবস উপলক্ষে রাজধানী মেক্সিকো সিটিতে দেশটির জাতীয় শিক্ষক ইউনিয়ন ‘ন্যাশনাল এডুকেশন ওয়ার্কার্স’-এর প্রায় ৩ হাজার সদস্য এই বিক্ষোভে অংশ নেন। মিছিলটি শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়।
শিক্ষকদের দাবি ও প্রতিবাদ
আন্দোলনকারীদের দাবি, শিক্ষা খাতে প্রয়োজনীয় গুরুত্ব না দিয়ে সরকার বিশ্বকাপকে কেন্দ্র করে বড় অর্থনৈতিক আয়োজনকে অগ্রাধিকার দিচ্ছে। এক বিক্ষোভকারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘শিক্ষা এখন আর অগ্রাধিকার নয়, বিশ্বকাপই মুখ্য।’ মিছিলে এক বিক্ষোভকারীকে ফুটবল নিয়ে ড্রিবলিং করে অভিনব উপায়ে প্রতিবাদ জানাতে দেখা যায়। সরকার ও শিক্ষক ইউনিয়নের মূল নেতৃত্ব ইতিমধ্যে ৯ শতাংশ বেতন বৃদ্ধিতে সম্মত হলেও সংগঠনের একটি বড় বিদ্রোহী অংশ তা প্রত্যাখ্যান করে ১০০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে।
বর্তমান বেতন ও আন্দোলনের প্রভাব
বর্তমানে মেক্সিকোতে একজন সরকারি স্কুলশিক্ষকের গড় মাসিক বেতন প্রায় ৯৬৭ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা)। উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাতেকাস থেকে আন্দোলনে যোগ দেওয়া ফিলিবের্তো ফ্রাউস্ত্রো ওরোজকো নামের এক শিক্ষক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা আমাদের দাবিগুলোর অনতিবিলম্বে বাস্তবায়ন চাই।’ দাবি আদায় না হলে বিশ্বকাপ চলাকালীন তীব্র আন্দোলনের ব্যাপারে ইউনিয়ন সদস্যরা একমত হয়েছেন বলেও জানান তিনি।
বিশ্বকাপকে কেন্দ্র করে সরকারের চাপ
যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে মেক্সিকো। বিশ্বকাপকে ঘিরে দেশটিতে প্রায় ৫০ লাখ পর্যটকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এমন সময়ে শিক্ষকদের সম্ভাব্য আন্দোলনকে কেন্দ্র করে দেশটির সরকার চাপের মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। অতীতেও বিভিন্ন দাবিতে রাজধানী মেক্সিকো সিটির গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি করেছিলেন শিক্ষকেরা।



