সাভারের পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ, শ্বাসকষ্ট ও মাথাব্যথা
সাভারে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শ্বাসকষ্ট ও মাথা ব্যথার সমস্যা নিয়ে শ্রমিকরা হাসপাতালে আসেন বলে জানান চিকিৎসক। তবে কী কারণে শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

ঘটনার বিবরণ

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শ্রমিকদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

শ্রমিক ও কারখানার কর্মকর্তারা জানান, প্রতিদিনের মতো সকালে কাজে যোগ দেন তারা। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ শ্রমিকদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কারখানাটিতে এক হাজার ১০০ শ্রমিক কাজ করেন। এর মধ্যে ৫০ জন অসুস্থ হন। তাদের প্রথমে কারখানার মেডিক্যাল সেন্টার ও পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অনেকেই প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শ্রমিকদের বক্তব্য

কারখানায় সুইং বিভাগে কাজ করা সামিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিদিনের মতো আমরা সবাই কাজে এসেছিলাম। হঠাৎ মেশিনের ভেতর থেকে একটা গন্ধ আসে। এরপর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হাত-পা অবশ হয়ে আসে, বমি বমি ভাব হচ্ছিল, মাথা ঘুরে পড়ে যাই। পরে আমাদের নিচে মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। যারা প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়েছেন, তাদের সেখানেই রাখা হয়েছে। আর যাদের অবস্থা সেখানে সামাল দেওয়া সম্ভব হয়নি, তাদের কোম্পানির নিজস্ব গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কারখানা কর্তৃপক্ষের বক্তব্য

কারখানার ফায়ার সেফটি অফিসার নাহিদ বলেন, ‘সকালে আমরা গেটে কর্মীদের চেক করছিলাম। যাদের শরীর একটু খারাপ ছিল, তাদের বসিয়ে রাখা হয়েছিল এবং বলা হয়েছিল, আপনারা বিশ্রাম নিন, সুস্থ হয়ে তারপর ডিউটি করবেন। এরপর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে হঠাৎ ফ্লোর থেকে একের পর এক কর্মী আমাদের মেডিক্যাল সেন্টারে আসতে শুরু করেন। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিই। যাদের সমস্যা বেশি ছিল, তাদের হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন। এখন মোটামুটি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।’

চিকিৎসকের মন্তব্য

সাভার ল্যাবজোন হাসপাতালের চিকিৎসক আবদুল আহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে গার্মেন্টস থেকে একসঙ্গে অনেক রোগী হাসপাতালে এসেছেন। তাদের প্রধান সমস্যা ছিল শ্বাসকষ্ট। এর সঙ্গে কয়েকজনের বমি এবং কারও কারও মাথা ঘোরার উপসর্গ ছিল। প্রাথমিকভাবে যতটুকু সম্ভব চিকিৎসা দিয়েছি আমরা। যাদের অবস্থা তুলনামূলক বেশি খারাপ ছিল, তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। এখন বেশিরভাগ রোগীর অবস্থাই স্থিতিশীল। যারা ভালো আছেন, তাদের পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের এখানে মোটামুটি ২০ জনের মতো রোগী এসেছেন।’