ভুয়া মূলধন গঠন করে আয়কর ফাঁকি: ভেনচুরা প্রপার্টিজ চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত
ভুয়া মূলধনে আয়কর ফাঁকি: ভেনচুরা চেয়ারম্যানের তদন্ত

রাজধানীর কর সার্কেল-১৬, কর অঞ্চল-০১, ঢাকার অধিক্ষেত্রাধীন করদাতা ভেনচুরা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী শাকিবুল করিমের বিরুদ্ধে ভুয়া মূলধন (ফেক ক্যাপিটাল) গঠন করে বিপুল পরিমাণ আয়কর ফাঁকির অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে তার ২০২১-২০২২ করবর্ষের আয়কর নথি অডিটের জন্য নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রতিষ্ঠানের পটভূমি ও অভিযোগ

জানা যায়, ২০০৪ সালে স্থপতি রাশেদ ইকবালের সঙ্গে যৌথভাবে ভেনচুরা প্রপার্টিজ লিমিটেড প্রতিষ্ঠা করেন কাজী শাকিবুল করিম। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি রিয়েল এস্টেট খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সূত্রে জানা গেছে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে করদাতার দাখিল করা আয়কর নথিতে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। বিশেষ করে, তার সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা ঘোষিত আয় ও উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংশ্লিষ্টদের ধারণা, কৃত্রিমভাবে মূলধন স্ফীত করে প্রকৃত করযোগ্য আয় গোপন করার চেষ্টা করা হয়েছে।

জালিয়াতির অভিযোগ

এছাড়া, অতীতের বিভিন্ন করবর্ষের মূল রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্রে টেম্পারিং বা জালিয়াতির অভিযোগও উঠেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, পূর্ববর্তী রিটার্নে পরিবর্তন এনে করদায় কম দেখানোর একটি সুপরিকল্পিত প্রচেষ্টা থাকতে পারে, যা বর্তমানে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ প্রেক্ষাপটে পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর সার্কেল থেকে অডিটের গ্রাউন্ডস সংক্রান্ত পত্র এবং ২০২১-২০২২ করবর্ষের খসড়া কর নির্ধারণী আদেশের সত্যায়িত কপি জরুরি ভিত্তিতে চাওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি প্রক্রিয়া

জানা গেছে, এসব নথি আয়কর আইন, ২০২৩-এর ১৮৩(৭) ধারা এবং রহিতকৃত আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ৮২বিবি ও ৮৩(২) ধারার আলোকে প্রস্তুত করা হয়েছে। সহকারী কর কমিশনার রিফাত রেজা স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, বিষয়টি জাতীয় রাজস্বের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় হিসেবে বিবেচনা করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করতে হবে।

ভবিষ্যৎ পদক্ষেপ

কর সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট করদাতার বিরুদ্ধে কর পুনঃনির্ধারণ, আর্থিক জরিমানা এবং প্রয়োজনে ফৌজদারি ব্যবস্থাসহ কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি, এ ধরনের অনিয়ম প্রতিরোধে কর প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।

প্রতিক্রিয়া

অন্যদিকে, কাজী শাকিবুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবস্থাপক পরিচয়দানকারী রনি দাবি করেন, তিনি বর্তমানে ভেনচুরা প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে সম্পৃক্ত নন এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কোম্পানিতে তার কোনো মালিকানাও নেই বলে তিনি উল্লেখ করেন। তবে অনুসন্ধানে জানা গেছে, ভেনচুরা প্রপার্টিজ লিমিটেডের বিভিন্ন প্রকল্পে চেয়ারম্যান হিসেবে কাজী শাকিবুল করিমের রয়েছেন। এছাড়াও সংশ্লিষ্ট অফিসে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি।