পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের আগে লেনদেন স্বাভাবিক রাখতে নির্দিষ্ট দুই দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদের আগে তৈরি পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য আর্থিক লেনদেন সহজ করতে আগামী ২৩ ও ২৪ মে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা নিয়মিত ব্যাংকিং সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো ঈদের ছুটিতে বন্ধ থাকবে।
শিল্পাঞ্চলে ব্যাংক কার্যক্রম
তবে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মতো শিল্পাঞ্চলসমূহে অবস্থিত ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যক্রম চলবে। তবে গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
আমদানি-রপ্তানি কার্যক্রম
এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে খোলা থাকবে। তবে ঈদের দিন সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ছুটির সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী ভাতা পাবেন।



