জ্বালানি দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়বে, তবে ভর্তুকি দীর্ঘদিন সম্ভব নয়: অধ্যাপক তামিম
জ্বালানি দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়বে: অধ্যাপক তামিম

জ্বালানি দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়বে, তবে ভর্তুকি দীর্ঘদিন সম্ভব নয়: অধ্যাপক তামিম

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম. তামিম সতর্ক করে দিয়েছেন যে, বাংলাদেশে জ্বালানির দাম বাড়ানো হলে দেশে ব্যাপক মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হতে পারে। তবে তিনি এও উল্লেখ করেছেন যে, দীর্ঘদিন ধরে ভর্তুকি দিয়ে জ্বালানি চাহিদা পূরণ করা সরকারের পক্ষে সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির মূল্য বৃদ্ধি করতেই হবে বলে তিনি মন্তব্য করেন।

ছায়া সংসদে জ্বালানি সংকট মোকাবিলার আলোচনা

শনিবার (৪ এপ্রিল) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে জ্বালানি সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তামিম এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অধ্যাপক তামিম তার বক্তব্যে বলেন, অতীতে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা উপেক্ষা করে ব্যক্তি ও দলীয় স্বার্থ বিবেচনায় আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছে। এর ফলে বিশ্ব জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশ সংকটে পড়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বের নীতির সংশোধন প্রয়োজন বলে তিনি মত দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জ্বালানি মজুদ ও জনগণের আতঙ্ক

তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্য সংকট শুরুর আগে বাংলাদেশের জ্বালানি মজুদ মাত্র ২ দিনের ছিল। তখন কোনো আতঙ্ক তৈরি না হলেও বর্তমানে ৭ থেকে ১৫ দিনের মজুদ থাকার পরেও প্যানিক সৃষ্টি হচ্ছে। আতঙ্কিত হয়ে মানুষ চাহিদার চেয়ে বেশি পেট্রল-অকটেন কিনছে, অথচ দেশে বড় সংকট হওয়ার কথা ডিজেল নিয়ে।

অধ্যাপক তামিম বলেন, অতীতে সরকার জ্বালানি মজুদ ও সরবরাহ নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার কারণে বর্তমানে জনগণ সরকারি তথ্য বিশ্বাস করতে চাচ্ছে না। এ পরিস্থিতি সংকটকে আরও জটিল করে তুলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিপিসির মুনাফা ও সরকারি নীতি

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সম্পর্কে তিনি বলেন, বিপিসি বিগত সময়ে প্রতিবছর ৩ হাজার কোটি টাকার নিচে মুনাফা করেনি। সেই হিসেবে গত দশ বছরে প্রতিষ্ঠানটি ৩০ হাজার কোটি টাকা প্রফিট করেছে। দুর্ভাগ্যজনক হলো, বিপিসি মুনাফার এই টাকা বিপদের জন্য না রেখে অন্য খাতে ব্যয় করেছে। সরকার সেই টাকা অন্য খাতে নিয়ে নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যানের বক্তব্য

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সময়ের ভুল নীতির কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে নেতৃত্বের ব্যর্থতা ছিল এবং সে ব্যর্থতার মাশুল এখন জনগণ ভোগ করছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারও জ্বালানি সক্ষমতা স্থিতিশীল রাখতে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। কুইক রেন্টালের নামে ক্যাপাসিটি চার্জ প্রদানের বিষয়টি পর্যালোচনা করা জরুরি। আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তিটি ছিল একপাক্ষিক এবং এতে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়নি।

সরকারের ভর্তুকি ও ভবিষ্যৎ পরিকল্পনা

হাসান আহমেদ চৌধুরী কিরণ উল্লেখ করেন, আওয়ামী সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি চুক্তিগুলো পুণঃমূল্যায়ন করা উচিত। জনগণকে স্বস্তিতে রাখতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিলেও এখনো পর্যন্ত দাম বাড়ায়নি। তবে বৈশ্বিক পরিস্থিতি ও বিশ্ববাজারে মূল্য বাড়ায় জ্বালানির দাম সমন্বয় করার পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা তৈরির মাধ্যমে সরকারের উপর চাপ তৈরি করা অন্যায্য। তবে জ্বালানি তেল নিয়ে কোনো কুচক্রী মহল যাতে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে তার জন্য গোয়েন্দা সংস্থাকে নজরদারি বাড়াতে হবে। প্যানিক বায়িং ও তেলের মজুদ থেকে বিরত থেকে সংকট মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকা উচিত।

ছায়া সংসদ প্রতিযোগিতার ফলাফল

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অভ্যন্তরীণ ব্যবস্থা জোরদারের মাধ্যমেই জ্বালানি সংকট মোকাবেলা সম্ভব শীর্ষক এই ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিকে পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন:

  • ড. এস এম মোর্শেদ
  • সাংবাদিক রিজভী নেওয়াজ
  • সাংবাদিক রিশান নসরুল্লাহ
  • সাংবাদিক আতিকুর রহমান
  • সাংবাদিক জাফর ইকবাল

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।