সৌদি তেল এলো, বন্ধের হাত থেকে রক্ষা পেল ইস্টার্ন রিফাইনারি
সৌদি তেল এলো, বন্ধের হাত থেকে রক্ষা পেল ইস্টার্ন রিফাইনারি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমটি নিনেমিয়া’। এর ফলে কাঁচামালের অভাবে বন্ধের উপক্রম হওয়া রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবার উৎপাদনে ফিরছে।

উৎপাদন শুরু হচ্ছে বৃহস্পতিবার

বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইস্টার্ণ রিফাইনারি পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান বলেন, সৌদি আরব থেকে ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে একটি জাহাজ কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে বিকেল ৫টার পর তেল পরিশোধন কার্যক্রম আবার শুরু হবে।

প্রাথমিক উৎপাদন লক্ষ্যমাত্রা

প্রথমদিকে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন হওয়ায় উৎপাদন কম রাখা হচ্ছে, যা পরবর্তী সময় ধীরে ধীরে বাড়ানো হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইআরএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, তেল সরবরাহের সব প্রস্তুতি আমাদের নেওয়া আছে। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার বিকেল থেকেই ৫টি ইউনিটে পুরোদমে উৎপাদন শুরু হবে।

পটভূমি: হরমুজ প্রণালি সংকট

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি পরিবহন অনিশ্চিত হয়ে পড়ে। ফলে গত ১৮ ফেব্রুয়ারির পর দেশে অপরিশোধিত তেলের আর কোনো চালান আসেনি।

দীর্ঘ দেড় মাস যাবত ইস্টার্ন রিফাইনারি তাদের পাইপলাইনে জমে থাকা ‘ডেড স্টক’ বা তলানির তেল দিয়ে কোনো রকমে কার্যক্রম সচল রেখেছিল। ৫টি ইউনিটের মধ্যে ৩টি সীমিত আকারে চললেও বাকি ২টি বন্ধ হয়ে গিয়েছিল। ১৩ ধরনের জ্বালানির পরিবর্তে উৎপাদন নেমে এসেছিল মাত্র ২টিতে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ