বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগে বুধবার (২৯ এপ্রিল) সর্বমোট এক হাজার ১৭৪টি মামলা শুনানি হয়েছে। এর মধ্যে ৪০৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
মামলা শুনানির বিস্তারিত
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৫২টি মামলা শুনানি করে ৩০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। অন্যদিকে, হাইকোর্ট বিভাগে এক হাজার ১২২টি মামলা শুনানি করে ৩৭৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
পূর্ববর্তী সপ্তাহের তুলনা
এর আগে, গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে দুই দিনে দুই হাজার ১৬৭টি মামলা শুনানি করে ৭৭৩টি মামলা নিষ্পত্তি করা হয়।
ভার্চুয়াল কোর্ট পরিচালনার নির্দেশনা
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ২০ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারিকৃত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।
ওয়েবসাইটে কার্যতালিকা প্রকাশ
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে আদালতে শুনানি সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ও সংশ্লিষ্ট বেঞ্চ হতে জানা যাবে।



