সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে জাহাজ
সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করেছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে, সম্ভাব্য ৪ বা ৫ মে তারিখে, জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
ইস্টার্ন রিফাইনারি আবার উৎপাদনে ফিরবে
তেলের এ চালান পৌঁছালে কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাওয়া একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আবার উৎপাদনে ফিরবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির পাঁচটি ইউনিটের মধ্যে দুটি বন্ধ রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর ৫০ দিন পর বিকল্প পথে লোহিত সাগর দিয়ে আমদানি করা হচ্ছে এই ক্রুড অয়েল। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বোঝাইয়ের পর ভোরে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করে জাহাজটি।
আরও দুটি জাহাজ আসার সম্ভাবনা
স্বস্তির খবর হলো, দুই লাখ টন ক্রুড অয়েল নিয়ে আগামী মে মাসেই বন্দরে ভিড়বে আরও দুটি জাহাজ। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং এন্ড শিপিং) মোস্তাফিজুর রহমান বলেন, ‘জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে নয়; এড়িয়ে লোহিত সাগর উপকূল হয়ে বাংলাদেশে আসছে।’
বাংলাদেশে বিপিসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বছরে ৭০ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে ২০ শতাংশ পরিশোধন হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে।
পূর্ববর্তী আমদানিতে বাধা
ইস্টার্ন রিফাইনারি সূত্র জানিয়েছে, সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করা হয়েছিল। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এরপর অপরিশোধিত তেলের কোনও জাহাজ দেশে আসেনি।
এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে ইস্টার্ন রিফাইনারির জন্য নির্ধারিত একটি মাদার ভেসেল সৌদি আরবের রাস তানুয়া বন্দরে আটকা পড়েছে। এমটি নর্ডিক পলাঙ নামের জাহাজটি গত ২ মার্চ সকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে এখনও বন্দরে নোঙর করে আছে।
আগামী ২১ মার্চ সংযুক্ত আরব আমিরাত জেবেল আলী ধান্না বন্দর থেকে আরেকটি জাহাজে ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার শিডিউল ছিল, তবে যুদ্ধ পরিস্থিতির কারণে সেটিও বাতিল করা হয়েছে।
নতুন করে আরও একটি জাহাজে গত ২১ এপ্রিল শিডিউল অনুযায়ী চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে, যা আগামী ৪ অথবা ৫ মে দেশে পৌঁছাবে। সৌদি আরব থেকে বাংলাদেশে জাহাজ পৌঁছাতে সাধারণত ১৪-১৫ দিন সময় লাগে।



