মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লেও কমেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা স্থবির হয়ে পড়া এবং মার্কিন অর্থনৈতিক তথ্যের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় বুধবার (৩ জুন) এই দরপতন দেখা গেছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্বর্ণের দরপতন
বুধবার গ্রিনিচ মান সময় ৭টা ২ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৬০ দশমিক ৩৬ ডলারে নেমে আসে। আগের সেশনে এর দাম এক শতাংশের বেশি বেড়েছিল। অন্যদিকে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দামও দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৮ দশমিক ৯০ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতামত
অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম ওয়ান্ডার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং বলেন, বাজার এখন বিবেচনা করছে যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি টেকসই নাও হতে পারে, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিচুক্তির জন্য চাপ দিচ্ছেন। তিনি আরও বলেন, যদি আমরা পরিস্থিতির আরও অবনতি দেখতে শুরু করি, তবে সোনা যেটুকু পুনরুদ্ধারের দিকে যাচ্ছিল তাও থমকে যেতে পারে।
অন্যান্য মূল্যবান ধাতুর দাম
সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ২৭ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৯২৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩৬১ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।



