মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম সমন্বয়

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবের কারণে সরকার বাধ্য হয়ে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও দ্রুত সমন্বয় করা হবে।

প্রতিমন্ত্রীর বক্তব্য

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, সরকার কোনোভাবেই অপ্রিয় সিদ্ধান্ত নিতে চায় না। তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, সরকার তখনই এমন সিদ্ধান্ত নেয় যখন একেবারে উপায় থাকে না। মূলত মধ্যপ্রাচ্য সংকটের বর্তমান বাস্তবতার কারণে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে হয়েছে।’

ডিজেলের দাম অপরিবর্তিত

দেশে জ্বালানি তেলের ব্যবহার প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, মোট ব্যবহারের প্রায় ৬৬ শতাংশই ডিজেল। এই খাতে সরকারকে সর্বোচ্চ ভর্তুকি দিতে হয়। এরপরও সাধারণ মানুষের ওপর প্রভাব বিবেচনায় ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। তিনি বলেন, ‘সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি বিবেচনায় রেখে ডিজেলের দাম বাড়ানো হয়নি। তবে আমরা নিরুপায় অবস্থায় রয়েছি। তাই কিছু ক্ষেত্রে সামান্য মূল্য সমন্বয় করতে হচ্ছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

বিশ্ববাজার পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা আশা করছি মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত সমাধান হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমে, তাহলে দেশের বাজারেও দ্রুত তা সমন্বয় করা হবে।’

নতুন দর কার্যকর

এর আগে রোববার রাতে জারি করা এক প্রজ্ঞাপনে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয় সরকার। নতুন দর সোমবার থেকে কার্যকর হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ