দারিদ্র্য ও খাদ্য সংকট: বাংলাদেশের চলমান চ্যালেঞ্জ
বাংলাদেশ গত দুই দশকে দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও বর্তমানে দেশে প্রায় ১৮ থেকে ১৯ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। সরকারি হিসাব অনুযায়ী, চরম দারিদ্র্যে রয়েছে প্রায় ৫ থেকে ৬ শতাংশ মানুষ। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রায় ২০ শতাংশ মানুষ তীব্র খাদ্য অনিরাপত্তার ঝুঁকিতে রয়েছে এবং আরও বড় একটি জনগোষ্ঠী খাদ্য ও পুষ্টির অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে।
নারী ও শিশু: দারিদ্র্যের প্রধান শিকার
দারিদ্র্য ও খাদ্য সংকটের এই বাস্তবতা পরিবারের ভেতরে সমানভাবে আঘাত হানে না; নারী ও শিশুরাই সাধারণত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আয়ের সংকট দেখা দিলে পরিবারের খাবার কমে গেলে প্রথমে নিজের খাবার কমিয়ে দেন মা, আর পুষ্টির ঘাটতির সবচেয়ে বড় বোঝা বহন করে শিশুরা। বিশেষ করে দরিদ্র পরিবারের গর্ভবতী মা, স্তন্যদানকারী নারী এবং ছোট শিশুদের জন্য অপুষ্টি এখনো একটি নীরব কিন্তু গভীর সংকট, যার প্রতিফলন দেখা যায় শিশুদের খর্বাকৃতি ও অপুষ্টির উচ্চ হারে।
ফ্যামিলি কার্ড: একটি সমন্বিত সামাজিক কাঠামো
এই বাস্তবতার প্রেক্ষাপটে ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগটি কেবল একটি সামাজিক সহায়তা কর্মসূচি নয়; এটি খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের একটি সমন্বিত কাঠামো হিসেবে ভাবা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের প্রাপ্তবয়স্ক নারী সদস্যদের হাতে সহায়তার নিয়ন্ত্রণ তুলে দেওয়া, যাতে তারা পরিবারের খাদ্য ও আর্থিক সিদ্ধান্তে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারেন।
পুষ্টির চ্যালেঞ্জ: বাংলাদেশের গুরুতর সমস্যা
বাংলাদেশের বাস্তবতায় পুষ্টির চ্যালেঞ্জ এখনো গুরুতর। দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রায় ২৩ শতাংশ খর্বাকৃতির, যা দীর্ঘমেয়াদি অপুষ্টির ফল। একই সঙ্গে অনেক গর্ভবতী ও প্রজনন-বয়সী নারী অপুষ্টি ও রক্তস্বল্পতায় ভুগছেন, যা মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি বাড়ায় এবং জন্মের পর শিশুর অপুষ্টির সম্ভাবনাও বৃদ্ধি করে। খর্বাকৃতি কেবল উচ্চতার সমস্যা নয়; এটি মূলত মস্তিষ্কের বিকাশ ব্যাহত হওয়ার একটি সূচক। জীবনের প্রথম এক হাজার দিনে পর্যাপ্ত পুষ্টি না পেলে শিশুর মস্তিষ্কের গঠন, স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ফ্যামিলি কার্ডের সম্ভাবনা ও উদ্ভাবনী দিক
প্রচলিত সামাজিক ভাতা কর্মসূচির মতো শুধুমাত্র ভোগব্যয়ের জন্য নগদ সহায়তা দেওয়ার পরিবর্তে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ বা খাদ্য সহায়তা সরাসরি পরিবারের প্রাপ্তবয়স্ক নারী প্রধানের হাতে প্রদান করা হবে, যাতে তিনি ধীরে ধীরে সঞ্চয় গড়ে তুলে পরিবারকে আরও আত্মনির্ভর করে তুলতে পারেন। একই সঙ্গে, সঠিকভাবে নকশা করা হলে এই কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে শুধু খাদ্য সহায়তা দেওয়া নয়, বরং পুষ্টিসমৃদ্ধ খাদ্যের নিশ্চয়তাও দেওয়া সম্ভব। উদাহরণস্বরূপ, আয়রন ও ভিটামিন সমৃদ্ধ ফর্টিফায়েড চাল ও গমের আটা, ভিটামিন এ ও ডি সমৃদ্ধ ফর্টিফায়েড ভোজ্য তেল, মৌসুমি ভিটামিন ও খনিজসমৃদ্ধ সবজি, এবং প্রোটিনসমৃদ্ধ খাদ্য যেমন ডাল।
পাইলট পর্যায় ও বাস্তবায়ন পদ্ধতি
বর্তমানে এই কর্মসূচি দেশের কয়েকটি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এই পাইলট পর্যায়ে দুটি ভিন্ন পদ্ধতি পরীক্ষা করা হবে, যাতে বোঝা যায় কোনটি বাস্তবে বেশি কার্যকর ও জনগণের কাছে গ্রহণযোগ্য। প্রথম পদ্ধতিতে একটি নির্দিষ্ট গ্রুপের পরিবারকে প্রতি মাসে ২,৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা প্রদান করা হবে। দ্বিতীয় পদ্ধতিতে সমপরিমাণ মূল্যমানের খাদ্য সহায়তা প্রদান করা হবে, যার মধ্যে চাল, গমের আটা, ভোজ্য তেল, লবণ, আলু ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য অন্তর্ভুক্ত থাকবে। তবে এই ক্ষেত্রে সরকার সরাসরি খাদ্য সংগ্রহ বা সরবরাহ ব্যবস্থাপনা পরিচালনা করবে না। এর পরিবর্তে ফ্যামিলি কার্ডধারীরা নির্ধারিত দোকান থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী খাদ্যপণ্য ক্রয় করবেন এবং সেই মূল্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সরাসরি কার্ড থেকে পরিশোধ করা হবে।
গুজব ও ভুল তথ্যের ঝুঁকি
যেকোনো বড় সামাজিক কর্মসূচির মতো এখানেও একটি বাস্তব ঝুঁকি রয়েছে—গুজব ও ভুল তথ্যের বিস্তার। ইতিহাস বলছে, যখন কোনো উদ্যোগ দরিদ্র মানুষের ক্ষমতায়ন এবং বিশেষ করে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা বাড়ানোর সুযোগ সৃষ্টি করে, তখন কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করে। বাংলাদেশের বাস্তবতায় এমন একটি রাজনৈতিক ধারা ও মতাদর্শও রয়েছে যারা নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান এবং আত্মনির্ভরতার ধারণার বিরোধিতা করে। ফলে এই ধরনের উদ্যোগকে দুর্বল করার জন্য তারা ইচ্ছাকৃতভাবে গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে।
সচেতনতা ও ভবিষ্যৎ সম্ভাবনা
ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচিকে সফল করতে হলে জনগণকে সচেতন থাকতে হবে এবং যেকোনো ধরনের অপপ্রচার বা ভ্রান্ত তথ্যের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকতে হবে। বাংলাদেশ ইতিমধ্যেই সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশ্বে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ সৃষ্টি করেছে। নব্বইয়ের দশকের শুরুতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রবর্তিত ‘ফুড ফর এডুকেশন’ কর্মসূচি লাখ লাখ শিশুকে, বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানদের, স্কুলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আজকের প্রেক্ষাপটে ফ্যামিলি কার্ড সেই ঐতিহ্যেরই একটি আধুনিক রূপ—যেখানে খাদ্য সহায়তা, পুষ্টি উন্নয়ন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন একসঙ্গে অগ্রসর হবে।
সঠিকভাবে বাস্তবায়িত হলে ফ্যামিলি কার্ড কেবল দারিদ্র্য হ্রাসের একটি হাতিয়ার হবে না; এটি হতে পারে একটি নতুন সামাজিক চুক্তি, যেখানে নারীর হাতে শক্তি তুলে দিয়ে একটি সুস্থ, পুষ্টিসমৃদ্ধ এবং আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।



