বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ব্র্যাক ও মিরাই কনসাল্টিং গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো বাংলাদেশে জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষার উন্নয়ন, বাংলাদেশ থেকে জাপানে বুদ্ধিবৃত্তিক ও কায়িক কর্মীর (হোয়াইট ও ব্লু কলার) কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই এমওইউ স্বাক্ষরিত হয়। এতে ব্র্যাকের পক্ষে স্বাক্ষর করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ এবং মিরাই কনসাল্টিং বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেনিচি কানাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রতিনিধি তোমোতাকা মিনোউরা, ব্র্যাকের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান, ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান, ওপার্ল-এর নির্বাহী পরিচালক ও শেয়ারহোল্ডার ফাতেমী ইমান, ওপার্ল-এর শেয়ারহোল্ডার নুমেরি সাত্তার অপার, এসিএসের-এর চিফ অপারেটিং অফিসার মো. নাজমুস সাকিব, মিরাই কনসাল্টিং বাংলাদেশ-এর ম্যানেজার মো. শাকিল আহমেদ, মা-নাভি লিমিটেড-এর পরিচালক ফাবিহা মুকাররামা প্রমুখ।
জাপানে দক্ষ কর্মীর চাহিদা
জাপানে বর্তমানে দক্ষ ও আধা দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশি কর্মপ্রত্যাশীরা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক প্রস্তুতি এবং পেশাগত সহায়তার মাধ্যমে এই সুযোগগুলো গ্রহণ করতে সক্ষম হবে। জাপানে কর্মসংস্থানের অন্যতম প্রধান শর্ত জাপানি ভাষায় দক্ষতা। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশি তরুণদের জন্য উচ্চমানের ভাষা শিক্ষা নিশ্চিত করা হবে।
মিরাই কনসাল্টিং গ্রুপের ভূমিকা
মিরাই কনসাল্টিং গ্রুপ ২০২৪ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এরপর থেকে প্রতিষ্ঠানটি দুই দেশের মধ্যে ব্যবসায়িক সংযোগ উন্নয়নে কাজ করে যাচ্ছে। মিরাই কনসাল্টিং গ্রুপের ১০ হাজারের অধিক জাপানি ক্লায়েন্ট নেটওয়ার্ক এবং জাপানের ৩০টিরও বেশি প্রিফেকচারে অফিস রয়েছে। ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে মিরাই কনসাল্টিং গ্রুপ ২০২৬ সালের মে মাসে ওপার্ল নামে জাপানে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করতে যাচ্ছে। সেখানে অংশীদার হিসেবে থাকবেন নুমেরি সাত্তার অপার এবং ফাতেমী ইমান।
ব্র্যাক প্রবাসবন্ধুর ভূমিকা
বাংলাদেশে OPearl-এর ব্যবসা উন্নয়নে ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্র্যাক প্রবাসবন্ধুর কার্যক্রম পরিচালনা করবেন ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক। ভবিষ্যতে ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেড এবং ওপার্ল যৌথভাবে জাপানে একটি মানবসম্পদ কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, যা বাংলাদেশি কর্মীদের জন্য সুসংগঠিত কর্মসংস্থান প্ল্যাটফর্ম তৈরি করবে।
সম্ভাবনা ও প্রত্যাশা
এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং উভয় দেশের জন্য টেকসই অর্থনৈতিক ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে অতিথিরা আশা প্রকাশ করেন। বিশেষ করে জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে বাংলাদেশি তরুণরা জাপানের বাজারে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারবে এবং দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।



