গাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দুদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন। মিছিলে জগন্নাথ হলসহ বিভিন্ন হলের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা এ সময় ধর্মীয় সম্প্রীতি রক্ষা, উগ্রবাদ প্রতিরোধ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশের বক্তব্য
বিক্ষোভের আগে অনুষ্ঠিত সমাবেশে জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সুদীপ্ত প্রামাণিক বলেন, নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিরাপত্তার নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তা আর পালন করা হয় না। গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আগামী শুক্রবার আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।
হলের সহসাধারণ সম্পাদক (এজিএস) দ্বীপজয় সরকার বলেন, গত দুই বছরে দেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও অবমাননার অনেক ঘটনা ঘটলেও অধিকাংশেরই বিচার হয়নি। এক দেশে দুই নীতি চলতে পারে না।
হল সংসদের সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সাহা বলেন, শ্রীরামচন্দ্র সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম আরাধ্য। তাঁর ছবিতে জুতাপেটা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। একটি গোষ্ঠী বিভাজন তৈরি করতে চায়, তাদের রুখে দিতে হবে। এ সময় শিক্ষার্থীরা গাইবান্ধায় নির্মাণাধীন রাম মূর্তির কাজ আবার শুরু করার দাবি জানান।
প্রেক্ষাপট
উল্লেখ্য, ১২ জুন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি মূর্তির বিরোধিতা করে আয়োজিত সমাবেশ চলাকালে কয়েকজন ব্যক্তি সনাতন ধর্মাবলম্বীদের দেবতা শ্রীরামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপ ও অবমাননাকর আচরণ করেন। সে ঘটনার প্রতিবাদেই এ বিক্ষোভ।



