নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টাকার লেনদেন নিয়ে সংঘর্ষে মিলন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজুদ আলীর ছেলে।
ঘটনার বিবরণ
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে মমিন মিয়ার ছেলে ইমন মিয়া ২ হাজার টাকা পাওনা নিয়ে একই গ্রামের মিলন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মিলন মিয়াকে ধারাল অস্ত্র (দা) দিয়ে গলায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটক ও আইনি ব্যবস্থা
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তি ইমন মিয়া ও তার মা হাফিজা খাতুন হাবিকে (৪০) আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়। কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা-ছেলে দুজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এলাকাবাসী জানান, পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।



