জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে অবৈধভাবে অনুমোদনহীন সিএনজি গ্যাস রান্নার কাজে ব্যবহারের অপরাধে নোয়াখালীতে এক রেস্টুরেন্ট মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের বিবরণ
সোমবার (১৮ মে) রাত সাড়ে ১১টায় জেলার সদর উপজেলার মাইজদী হাসপাতাল রোডের নিউ ভোজন বিলাস নামের রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।
অনিয়মের প্রকৃতি
অভিযান সূত্রে জানা গেছে, রেস্টুরেন্টের রান্নার কাজে এলপিজি গ্যাস বা পিএনজি ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস ব্যবহার করে আসছে প্রতিষ্ঠানটি। সিএনজি গ্যাস দাহ্য পদার্থ হওয়ায় এটি কোনোভাবেই রান্নায় ব্যবহার করার সুযোগ নেই। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ওই রেস্টুরেন্টে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় রেস্টুরেন্টটিতে রান্নার কাজে সিএনজি গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
জরিমানা ও মুচলেকা
নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রেস্টুরেন্টে রান্নার কাজে অনুমোদনহীন অবৈধভাবে সিএনজি গ্যাস ব্যবহার করায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী খায়রুল বাশার মঞ্জু জরিমানার টাকা নগদ পরিশোধ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না বলে মুচলেকা দেন।
ভবিষ্যৎ পরিকল্পনা
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরও বলেন, অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



